মন্দির গুঁড়িয়ে দেওয়ার হুমকির প্রতিবাদে বড়লেখায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল
- আপডেট সময় : ০৪:৪৪:৩৯ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬
- / 74
ভগবান শ্রীরামচন্দ্রকে নিয়ে অবমাননাকর মন্তব্য এবং গাইবান্ধাসহ দেশের বিভিন্ন স্থানে সনাতন ধর্মাবলম্বীদের উপাসনালয় ও মন্দির গুঁড়িয়ে দেওয়ার হুমকির প্রতিবাদে মৌলভীবাজারের বড়লেখায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২০ জুন) সকালে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বড়লেখা উপজেলা শাখার উদ্যোগে পৌর শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সম্মুখে এ কর্মসূচির আয়োজন করা হয়। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার সনাতন ধর্মাবলম্বী মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, ধর্মীয় অনুভূতিতে আঘাত এবং উপাসনালয়ের বিরুদ্ধে হুমকি দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি ও সামাজিক স্থিতিশীলতার জন্য উদ্বেগজনক। তারা এ ধরনের উসকানিমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান। পাশাপাশি দেশের সকল মন্দির ও ধর্মীয় স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বড়লেখা উপজেলা শাখার সভাপতি বিধান চন্দ্র দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক রঞ্জিত কুমার পাল, পৌর কমিটির সদস্য সচিব উজ্জ্বল ঘোষ, উপজেলা কমিটির সহসভাপতি স্বপন দে, কোষাধ্যক্ষ মুক্তালাল বিশ্বাস, সাংস্কৃতিক সম্পাদক তপন চৌধুরীসহ স্থানীয় নেতৃবৃন্দ।
বক্তারা আরও বলেন, দেশের দীর্ঘদিনের সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থানের ঐতিহ্যকে ক্ষুণ্ন করার যেকোনো অপচেষ্টা রুখে দিতে সবাইকে সচেতন থাকতে হবে। তারা ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে সরকার, প্রশাসন ও সকল শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত উদ্যোগ কামনা করেন।
পরে অংশগ্রহণকারীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সম্মুখে এসে শেষ হয়।






















