বড়লেখায় ১৩ বছর আগের মামলায় জামায়াত নেতা খিজির আহমদ গ্রেফতার
- আপডেট সময় : ১০:১৭:৩১ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬
- / 100
মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় ২০১৩ সালের একটি হত্যা মামলায় আদালতের গ্রেফতারি পরোয়ানার ভিত্তিতে জামায়াতে ইসলামীর নেতা ও প্রবাসী ব্যবসায়ী খিজির আহমদকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (১৯ জুন) রাত প্রায় ১১টার দিকে উপজেলার হাজীগঞ্জ বাজারের একটি রেস্টুরেন্ট থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে শনিবার সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারি তৎকালীন জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় ঘোষণার পর বড়লেখায় সংঘটিত সহিংস ঘটনাকে কেন্দ্র করে একটি হত্যা মামলা দায়ের করা হয়। ওই ঘটনায় জামায়াতের কর্মী লোকমান আহমদের মৃত্যুর পর পুলিশ বাদী হয়ে খিজির আহমদসহ ৬৫ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করে মামলা করে।
পরিবারের দাবি, খিজির আহমদ দীর্ঘদিন ধরে কাতারে ব্যবসার সঙ্গে জড়িত এবং বেশ কয়েক বছর ধরে প্রবাসে অবস্থান করছেন। তার ছোট ভাই তারেক আহমদ বলেন, “আমার ভাই দীর্ঘদিন ধরে কাতারে ব্যবসা করছেন। ২০১৩ সালের একটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলার গ্রেফতারি পরোয়ানার ভিত্তিতে তাকে আটক করা হয়েছে।”
এ বিষয়ে বড়লেখা উপজেলা জামায়াতের সাবেক আমির ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান এমাদুল ইসলাম বলেন, “খিজির আহমদ দীর্ঘদিন প্রবাসে অবস্থান করলেও এলাকার একজন পরিচিত রাজনৈতিক ব্যক্তিত্ব। বহু বছর আগের একটি মামলায় তাকে গ্রেফতার করা দুঃখজনক। আমরা এ ঘটনার নিন্দা জানাচ্ছি।”
খিজির আহমদের গ্রেফতারের ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমেও বিভিন্ন ব্যক্তি প্রতিক্রিয়া জানিয়েছেন। তার সমর্থকরা দ্রুত মুক্তির দাবি জানিয়ে ঘটনাটিকে রাজনৈতিক হয়রানির অংশ বলে উল্লেখ করেছেন।
তবে পুলিশ বলছে, আদালতের জারি করা গ্রেফতারি পরোয়ানার ভিত্তিতেই তাকে আটক করা হয়েছে।
বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান খান বলেন, “জিআর নং ৬২/২০১৩, মামলা নং-২৭ (তারিখ ২৮-০২-২০১৩)-এর গ্রেফতারি পরোয়ানা থাকায় খিজির আহমদকে গ্রেফতার করা হয়েছে। শনিবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।”






















