কুলাউড়ায় ইউপি সদস্য লোকমান আলী গ্রেপ্তার
- আপডেট সময় : ০৫:০৩:০৬ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬
- / 295
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য (ইউপি সদস্য) লোকমান আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (১৯ জুন) রাত প্রায় ৮টার দিকে শরীফপুর ইউনিয়নের বাগজুর গ্রামে নিজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি বাগজুর গ্রামের বাসিন্দা মো. রমজান আলীর ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকার একটি আদালত থেকে লোকমান আলীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল। ওই পরোয়ানার ভিত্তিতে শুক্রবার রাতে কুলাউড়া থানা পুলিশের একটি দল তার বাড়িতে অভিযান চালায়। অভিযানের সময় তিনি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাকে ধাওয়া করে আটক করে থানায় নিয়ে আসে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ঢাকার বিভিন্ন আদালতে তার বিরুদ্ধে একাধিক মামলা বিচারাধীন রয়েছে।
স্থানীয় একটি সূত্র দাবি করেছে, বিগত সময়ে তিনি আওয়ামী লীগের কিছু স্থানীয় নেতাকর্মীর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখে এলাকায় প্রভাব বিস্তার করতেন। এ সময় তার বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও অপকর্মে জড়িত থাকার অভিযোগও স্থানীয়ভাবে প্রচলিত ছিল। তবে এসব অভিযোগের বিষয়ে তার বক্তব্য পাওয়া যায়নি।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ জহিরুল ইসলাম মুন্না গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, লোকমান আলীর বিরুদ্ধে ঢাকার একটি আদালতের গ্রেপ্তারি পরোয়ানা ছিল। সেই পরোয়ানার ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার সকালে তাকে আদালতে সোপর্দ করা হবে।






















