কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে নিহত যুবকের মরদেহ হস্তান্তর
- আপডেট সময় : ০৪:১৯:২১ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬
- / 42
মৌলভীবাজারের কুলাউড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর গুলিতে নিহত বাংলাদেশি যুবক মুজিবুর রহমানের (৩০) মরদেহ হস্তান্তর করেছে ভারতীয় কর্তৃপক্ষ।
শনিবার (১৩ জুন) সন্ধ্যা সাড়ে ৭টায় কুলাউড়া উপজেলার চাতলাপুর স্থলবন্দর সীমান্ত দিয়ে ভারতীয় পুলিশ আনুষ্ঠানিকভাবে কুলাউড়া থানা পুলিশের কাছে মরদেহ হস্তান্তর করে। পরে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
মরদেহ হস্তান্তরের সময় কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ জহিরুল ইসলাম মুন্না, ওসি (তদন্ত) হাবিবুর রহমান, ভারতের ইরানী থানার সেকেন্ড ওসি শ্রীকান্ত চক্রবর্তী, বিএসএফের ১৯৯ ব্যাটালিয়নের সহকারী কমান্ড্যান্ট দেবেশ বর্ম, চাতলাপুর বিজিবি ক্যাম্পের সুবেদার আব্দুল কালাম, শরীফপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য জয়নুল ইসলাম, নিহতের চাচা ফজির আলীসহ দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর সদস্য, সাংবাদিক, জনপ্রতিনিধি এবং নিহতের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

নিহত মুজিবুর রহমান কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের দত্তগ্রাম এলাকার মৃত অজিবুর রহমানের ছেলে।
বিজিবি ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় মুজিবুর রহমানসহ স্থানীয় কয়েকজন যুবক সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে লখাইরচর এলাকায় প্রবেশ করলে বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি চালায়। এতে মুজিবুর ঘটনাস্থলেই নিহত হন। তার সঙ্গে থাকা অন্যরা পালিয়ে বাংলাদেশে ফিরে আসে।
কুলাউড়া থানার ওসি (তদন্ত) হাবিবুর রহমান জানান, দুই দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের উপস্থিতিতে চাতলাপুর স্থলবন্দর সীমান্ত দিয়ে মরদেহ গ্রহণ করা হয়েছে। পরে আইনগত আনুষ্ঠানিকতা সম্পন্ন করে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।
এদিকে শনিবার রাতে ৪৬ বিজিবি শ্রীমঙ্গল ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জানান, শুক্রবার সন্ধ্যায় দত্তগ্রাম সীমান্ত দিয়ে ৬-৭ জনের একটি বাংলাদেশি চোরাকারবারী দল ভারতীয় সহযোগীদের সহায়তায় চোরাচালান পণ্য আনতে সীমান্ত পিলার ১৮৫২/৫-এস অতিক্রম করে ভারতের প্রায় ৫০০ গজ অভ্যন্তরে লখাইরচর এলাকায় প্রবেশ করে। এ সময় বিএসএফের লাঠিয়াপুড়া ক্যাম্পের সদস্যরা তাদের বাধা দিলে চোরাকারবারীরা দেশীয় অস্ত্র নিয়ে বিএসএফ সদস্যদের ওপর হামলার চেষ্টা করে। আত্মরক্ষার্থে বিএসএফ সদস্যরা ২-৩ রাউন্ড গুলি ছোড়ে। এতে মুজিবুর রহমান গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান বলে দাবি করা হয়।
বিজিবি অধিনায়ক আরও জানান, নিহত ব্যক্তি পূর্বে চোরাচালানের সঙ্গে জড়িত ছিলেন বলে তথ্য পাওয়া গেছে। দুই দেশের মধ্যে অনুষ্ঠিত পতাকা বৈঠকের মাধ্যমে মরদেহ বাংলাদেশে হস্তান্তরের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।
























