পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য এমপি শওকতুল ইসলাম
কুলাউড়ায় বিএনপি ও অঙ্গসংগঠনের আনন্দ মিছিল
- আপডেট সময় : ১১:৪৮:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
- / 36
জাতীয় সংসদের পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য হিসেবে মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের সংসদ সদস্য শওকতুল ইসলাম শকু মনোনীত হওয়ায় কুলাউড়ায় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। এ উপলক্ষে বুধবার রাতে কুলাউড়া শহরে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়।

জাতীয় সংসদে বিভিন্ন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠনের ধারাবাহিকতায় বুধবার (১০ জুন) পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি অনুমোদন দেওয়া হয়। কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন ড. আব্দুল মঈন খান। এ কমিটিতে এমপি শওকতুল ইসলাম শকুসহ ১০ জন সংসদ সদস্যকে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।
এ খবর কুলাউড়ায় পৌঁছার পর বুধবার রাত ৯টার দিকে উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী শহরে একটি আনন্দ মিছিল বের করেন। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীরা উল্লাস প্রকাশ করেন এবং এমপি শওকতুল ইসলামকে গুরুত্বপূর্ণ এ কমিটির সদস্য মনোনীত করায় দলের কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা জানান।
উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন বাচ্চু, সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, সিনিয়র সহ-সভাপতি আব্দুল জলিল জামাল, সাবেক আহ্বায়ক রেদওয়ান খান, সাবেক সাধারণ সম্পাদক শামীম আহমদ চৌধুরী, সাবেক সহ-সভাপতি আজিজুর রহমান মনির, সাবেক সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন, পৌর বিএনপি নেতা শামীম আহমদ, কাদিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মুক্তার, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক সিরাজুল ইসলাম রাজু, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তানজিল হাসান খান, পৌর ছাত্রদলের আহ্বায়ক আতিকুল ইসলাম আতিক, উপজেলা জাসাসের সদস্য সচিব সালমান হোসাইন, কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক আব্দুল্লাহ সালেহ চৌধুরী আলিফসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-2 (কুলাউড়া) আসন থেকে শওকতুল ইসলাম শকু বিপুল ভোটে বিজয়ী হন। প্রায় তিন দশক পর বিএনপি এ আসনটি পুনরুদ্ধার করে। সংসদ সদস্য হিসেবে দায়িত্ব গ্রহণের কয়েক মাসের মধ্যেই পরিকল্পনা মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে তাঁর অন্তর্ভুক্তিকে কুলাউড়ার উন্নয়ন ও অবকাঠামোগত অগ্রগতির জন্য ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও সচেতন মহল।
























