শিশু ও নারীর নিরাপত্তা নিশ্চিতের দাবিতে সিলেটে মানববন্ধন
ধর্ষক-নিপীড়কদের দ্রুত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি
- আপডেট সময় : ০৫:০৮:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬
- / 48
সিলেটে শিশু ও নারীর নিরাপত্তা নিশ্চিত এবং ধর্ষক-নিপীড়কদের দ্রুত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল চারটায় নগরের চৌহাট্টা কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ কর্মসূচির আয়োজন করে প্রথম আলো সিলেট বন্ধুসভা।
‘শিশু ও নারীর নিরাপত্তা চাই, ধর্ষক-নিপীড়কের দ্রুত ও দৃষ্টান্তমূলক শাস্তি চাই’—এই প্রতিপাদ্যে আয়োজিত মানববন্ধনে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও নাগরিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।
প্রথম আলো সিলেট বন্ধুসভার সভাপতি দেব রায় সৌমেনের সঞ্চালনায় বক্তব্য দেন সিলেট মেট্রোপলিটন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ জহিরুল হক, সুজন সিলেট জেলা শাখার সভাপতি সৈয়দা শিরিন আক্তার, সিলেট উইমেন চেম্বারের সভাপতি লুবানা ইয়াসমিন শম্পা, ‘ধরা’ সিলেটের সদস্যসচিব আবদুল করিম চৌধুরী কীম এবং পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার সভাপতি কাসমির রেজা।
বক্তারা বলেন, সাম্প্রতিক সময়ে দেশে শিশু ও নারী নির্যাতন, ধর্ষণ এবং হত্যার ঘটনা উদ্বেগজনক হারে বেড়েছে। সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, গত চার মাসে দেশে ১১৮ জন কন্যাশিশু ধর্ষণের শিকার হয়েছে এবং ১৭ জন নিহত হয়েছে। তবে অনেক ঘটনা এখনও প্রকাশের বাইরে থেকে যাচ্ছে বলেও তারা মন্তব্য করেন।
তারা বলেন, সমাজে নৈতিক অবক্ষয় ও মানসিক বিকারগ্রস্ততার কারণে এ ধরনের অপরাধ বাড়ছে। এসব অপরাধ দমনে কঠোর আইন প্রয়োগের পাশাপাশি দ্রুত বিচার নিশ্চিত করতে হবে। বক্তারা ধর্ষণ মামলার জন্য পৃথক ট্রাইব্যুনাল গঠনের দাবি জানান।
মানববন্ধনে বক্তারা আরও বলেন, শিশু ও কন্যাশিশুদের নিরাপত্তা নিয়ে বর্তমানে অভিভাবকদের মধ্যে চরম উদ্বেগ বিরাজ করছে। একটি নিরাপদ সমাজ গড়ে তুলতে রাষ্ট্র, পরিবার এবং সামাজিক সংগঠনগুলোকে সমন্বিতভাবে কাজ করতে হবে। একই সঙ্গে শিশু নির্যাতন ও ধর্ষণের পেছনের সামাজিক ও মনস্তাত্ত্বিক কারণ অনুসন্ধানে গবেষণারও প্রয়োজন রয়েছে বলে তারা মত দেন।
কর্মসূচিতে আরও বক্তব্য দেন কবি সুমন বণিক, শ্রুতির সদস্যসচিব সুকান্ত গুপ্ত, সিলেট উইমেন চেম্বারের পরিচালক আসমাউল হাসনা, কবি ধ্রুব গৌতম, জাতীয় শ্রমিক শক্তির কেন্দ্রীয় সদস্য শিব্বির আহমদ, আবৃত্তিকার নাজমা পারভীন এবং নারী উদ্যোক্তা শাহানা চৌধুরী।
এসময় উপস্থিত ছিলেন প্রথম আলো সিলেট বন্ধুসভার সাধারণ সম্পাদক শেখ ফয়সাল আহমদসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।






















