বিশ্বকাপে নেইমারকে ঘিরে নতুন ইঙ্গিত, মুখ খুললেন কার্লো আনচেলত্তি
- আপডেট সময় : ০৩:১৩:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
- / 114
২০২৬ বিশ্বকাপ যত ঘনিয়ে আসছে, ততই বাড়ছে নেইমার-কে ঘিরে আলোচনা। দীর্ঘ সময় ইনজুরি ও ছন্দহীনতার সঙ্গে লড়াই করার পর আবারও জাতীয় দলে তার ফেরার সম্ভাবনা নিয়ে আশাবাদী হয়ে উঠছেন ব্রাজিল সমর্থকেরা। আর সেই আলোচনায় নতুন মাত্রা যোগ করলেন কার্লো আনচেলত্তি।
ব্রাজিল কোচ আনচেলত্তি নেইমারকে নিয়ে বলেন,
“দল নির্বাচন করতে গেলে অনেক কিছু বিবেচনা করতে হয়। এই দিক থেকে নেইমার এই দেশের জন্য গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়। সে সবসময়ই নিজের প্রতিভার প্রমাণ দিয়েছে। চোটের কারণে কিছু সমস্যার মধ্যে ছিল, তবে এখন সে ধীরে ধীরে সেরে উঠছে। কঠোর পরিশ্রম করছে, নিয়মিত খেলছে এবং সাম্প্রতিক সময়ে তার পারফরম্যান্সও অনেক উন্নতি করেছে।”
আনচেলত্তির এই মন্তব্যের পর থেকেই নতুন করে আলোচনায় উঠে এসেছে নেইমারের বিশ্বকাপ ভবিষ্যৎ। কারণ সাম্প্রতিক সময়ের পরিসংখ্যানও বলছে, ধীরে ধীরে নিজের পুরোনো ছন্দে ফিরছেন ব্রাজিলিয়ান এই তারকা।
শেষ ১৭ ম্যাচে তার গোল অবদান ১৫টি। দীর্ঘ ইনজুরি কাটিয়ে ফেরার পর এটিই নিঃসন্দেহে তার সবচেয়ে ইতিবাচক সময়গুলোর একটি।
এক সময় যাকে ব্রাজিলের ভবিষ্যৎ বলা হতো, সেই নেইমার গত কয়েক বছরে ইনজুরি, সমালোচনা এবং অনিশ্চয়তার মধ্য দিয়ে গেছেন। তবে মাঠে তার উপস্থিতি এখনও আলাদা প্রভাব তৈরি করে। সৃজনশীলতা, বল নিয়ন্ত্রণ এবং বড় ম্যাচে পার্থক্য গড়ে দেওয়ার ক্ষমতা এখনও তাকে বিশেষ একজন ফুটবলার হিসেবে আলাদা করে রাখে।
বিশেষ করে তরুণ খেলোয়াড়ে ভরা বর্তমান ব্রাজিল দলে নেইমারের অভিজ্ঞতা বড় ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন অনেক বিশ্লেষক। ভিনিসিয়ুস জুনিয়র, রাফিনহা কিংবা এন্ড্রিক-দের পাশে একজন অভিজ্ঞ নেতা হিসেবে নেইমারের উপস্থিতি দলকে আরও ভারসাম্যপূর্ণ করতে পারে।
তবে বিশ্বকাপ দলে জায়গা পাওয়ার জন্য তাকে ধরে রাখতে হবে বর্তমান ধারাবাহিকতা ও শারীরিক সক্ষমতা। কারণ আনচেলত্তিও পরিষ্কার করে দিয়েছেন— আবেগ নয়, সিদ্ধান্ত নেওয়া হবে পারফরম্যান্স ও ফিটনেস বিবেচনা করেই।















