বড়লেখায় পুলিশের পৃথক অভিযানে ইয়াবাসহ ৫ জন গ্রেফতার
- আপডেট সময় : ০২:৫৬:৪৬ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬
- / 2
মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ১৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। একই দিনে পৃথক অভিযানে আরও দুইজনকে আটক করা হয়। শনিবার (২ মে) দুপুরে গ্রেফতারকৃত পাঁচজনকেই আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার মধ্যরাতে বড়লেখা থানা পুলিশ উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালায়। এ সময় বড়লেখা পলি ক্লিনিকের সামনে থেকে ১৪ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন—রাজনগর উপজেলার সারংপুর গ্রামের আতাউর রহমানের ছেলে ঠিকাদার খালেদ মাহমুদ (৩৬), বড়লেখা পৌরসভার পাখিয়ালা এলাকার মৃত মঈন উদ্দিনের ছেলে আব্দুল আলীম সিরুল আহমদ (৩৩) এবং নাসিরনগর উপজেলার ধরমন্ডল এলাকার মৃত আব্দুর রশীদের ছেলে মো. আলম (৩৫)। এ ঘটনায় তাদের বিরুদ্ধে বড়লেখা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ আরও জানায়, খালেদ মাহমুদ রাজনগরের বাসিন্দা হলেও দীর্ঘদিন ধরে বড়লেখায় বসবাস করে আসছেন। ঠিকাদারির আড়ালে তিনি ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত থাকতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
এদিকে একই রাতে পৃথক অভিযানে আরও দুইজনকে গ্রেফতার করা হয়। তাদের মধ্যে বর্ণিচক এলাকার পংকি মিয়ার ছেলে মো. কলিম উদ্দিন (৩০)-কে পুলিশ আইনের ৩৪ ধারায় এবং চরগ্রামের আব্দুর রউফের ছেলে আব্দুল বাছিত (৪৫)-কে ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় আটক করা হয়েছে।
বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান খান জানান, বিশেষ অভিযানে ইয়াবাসহ তিনজন এবং পৃথক ধারায় আরও দুজনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার দুপুরে সকল আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।

















