সিলেট প্রেসক্লাবে নতুন সদস্য অন্তর্ভুক্তির জন্য আবেদন আহ্বান
- আপডেট সময় : ০২:৪৬:২২ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬
- / 5
সিলেট প্রেসক্লাবের নতুন সদস্য অন্তর্ভুক্তির লক্ষ্যে আগ্রহী প্রার্থীদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করা হয়েছে। নির্ধারিত ফরমে আবেদন করতে হবে এবং ৫০০ (পাঁচশ) টাকা ফি জমা দিয়ে আগামী ৯ মে ২০২৬ তারিখ পর্যন্ত অফিস চলাকালীন সময়ে আবেদন ফরম সংগ্রহ ও জমা দেওয়া যাবে।
প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, সদস্য পদে আবেদনের জন্য নির্দিষ্ট কিছু শর্ত পূরণ করতে হবে। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে রিপোর্টারদের জন্য ন্যূনতম স্নাতক এবং ফটোসাংবাদিক ও ভিডিও ক্যামেরাম্যানদের জন্য ন্যূনতম এইচএসসি পাশ হতে হবে।
এছাড়া আবেদনকারীকে সিলেট মহানগরীতে অবস্থানরত বা জাতীয় কোনো গণমাধ্যমে কমপক্ষে এক বছর সাংবাদিকতা পেশায় কর্মরত থাকার প্রমাণপত্র জমা দিতে হবে। আবেদনের সঙ্গে ২ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, কর্মরত গণমাধ্যমের নিয়োগপত্র এবং পরিচয়পত্রের সত্যায়িত কপি জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। প্রয়োজনে দাখিলকৃত কাগজপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে।
আবেদনকারীদের জন্য ৪০ নম্বরের লিখিত এবং ১০ নম্বরের ভাইভা পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরাই কেবল সদস্য পদ লাভের জন্য বিবেচিত হবেন। তবে সহযোগী সদস্য পদের ক্ষেত্রে শর্তাবলী শিথিলযোগ্য বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম স্বাক্ষরিত এ বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্টদের নির্ধারিত সময়ের মধ্যে আবেদন সম্পন্ন করার আহ্বান জানানো হয়েছে।

























