সিলেট শিক্ষাবোর্ডে নতুন বিদ্যালয় পরিদর্শক আবু মুসা মো. তারেক
- আপডেট সময় : ০৬:২৯:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
- / 1
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, সিলেটের বিদ্যালয় পরিদর্শক হিসেবে নিয়োগ পেয়েছেন বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের অভিজ্ঞ কর্মকর্তা আবু মুসা মো. তারেক। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাঁকে এ পদে নিয়োগ দেওয়া হয়। রোববার তিনি আনুষ্ঠানিকভাবে নতুন কর্মস্থলে যোগদান করেন।
তিনি সদ্য বিদায়ী বিদ্যালয় পরিদর্শক মোহাম্মদ মঈনুল ইসলামের স্থলাভিষিক্ত হয়েছেন। মঈনুল ইসলামকে হবিগঞ্জের বৃন্দাবন সরকারি কলেজে বদলি করা হয়েছে।
আবু মুসা মো. তারেক এর আগে সিলেট সরকারি আলীয়া মাদ্রাসায় ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন। দীর্ঘ এক দশকেরও বেশি সময়ের শিক্ষকতা জীবনে তিনি সিলেট এমসি কলেজ, সরকারি টিচার্স ট্রেনিং কলেজ এবং শ্রীমঙ্গল সরকারি কলেজসহ বিভিন্ন স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠানে ইংরেজি সাহিত্য, ভাষাবিজ্ঞান ও উচ্চতর শিক্ষায় সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তাঁর পাঠদানের বিষয়গুলোর মধ্যে ছিল রোমান্টিক ও ভিক্টোরিয়ান কবিতা, এলিজাবেথীয় নাটক এবং আধুনিক সাহিত্য। শিক্ষার্থীদের পাঠদান ও গবেষণায় দিকনির্দেশনায় তিনি বিশেষভাবে প্রশংসিত।
শিক্ষকতা পেশায় যোগদানের পূর্বে তিনি রূপালী ব্যাংক ও বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক (বিডিবিএল)-এ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন, যা তাঁর পেশাগত অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করেছে।
শিক্ষাগত যোগ্যতায়ও তিনি অত্যন্ত কৃতিত্বপূর্ণ। তিনি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে উচ্চশিক্ষার জন্য তিনি যুক্তরাজ্যভিত্তিক ইউনিভার্সিটি অব নটিংহাম-এর মালয়েশিয়া ক্যাম্পাস থেকে ‘মাস্টার্স ইন এডুকেশন’ ডিগ্রি লাভ করেন।
শিক্ষকতার পাশাপাশি আবু মুসা মো. তারেক একজন সুপরিচিত গবেষক ও সাহিত্যিক। আন্তর্জাতিক বিভিন্ন জার্নালে তাঁর একাধিক গবেষণাপত্র প্রকাশিত হয়েছে। সৃজনশীল সাহিত্যচর্চায়ও তিনি সমানভাবে সক্রিয়। এ পর্যন্ত তাঁর চারটি গ্রন্থ প্রকাশিত হয়েছে। এছাড়া বিভিন্ন সাময়িকী ও জাতীয় দৈনিকে তাঁর কবিতা, নাটক ও প্রবন্ধ নিয়মিত প্রকাশিত হয়ে আসছে। তিনি আইসিটি ও ইংরেজি ভাষা শিক্ষায় উন্নত প্রশিক্ষণপ্রাপ্ত।
মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার কাঁঠালতলী গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারে তাঁর জন্ম। নতুন দায়িত্ব পালনে তিনি সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা ও দোয়া কামনা করেছেন।





















