কুলাউড়ায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা।
- আপডেট সময় : ০৯:৫৭:০৩ পূর্বাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬
- / 102
“আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার, সুরক্ষিত নারী ও কন্যার অধিকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুলাউড়ায় পালিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস।
দিবসটি উপলক্ষে ৮ মার্চ (রোববার) দুপুরে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় এবং কুলাউড়া পৌরসভার যৌথ উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুর আড়াইটায় উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভার মাধ্যমে সমাপ্ত হয়।
আলোচনা সভায় হাবিবুর রহমান সুজনের সঞ্চালনায় এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সৌমিত্র কর্মকার এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো.আনিসুল ইসলাম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন বাচ্ছু, সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, পৌর নির্বাহী কর্মকর্তা শরদিন্দু রায়, ওসি (তদন্ত) হাবিবুর রহমান,
প্রেসক্লাব কুলাউড়ার সভাপতি আজিজুল ইসলাম, বিএনপি নেতা বদরুল হোসেন খান, পৌর কর্মকর্তা বানু পুরকায়স্থ, শিক্ষার্থী মিমন জান্নাত এনি প্রমুখ।
এ ছাড়া ও সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন নারী সংগঠনের নেত্রী, উন্নয়ন কর্মী, স্কুল-কলেজের শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার নারীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। র্যালিতে নারীদের অধিকার রক্ষা ও সচেতনতামূলক বিভিন্ন স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড ও ব্যানার প্রদর্শন করা হয়।
বক্তারা নারীর নিরাপত্তা নিশ্চিত করা এবং কর্মক্ষেত্রে বৈষম্য দূর করার ওপর গুরুত্বারোপ করেন। বক্তারা বলেন, নারীরা আজ শিক্ষা, প্রশাসন ও ব্যবসায়িক ক্ষেত্রে অভূতপূর্ব সাফল্য দেখাচ্ছে। তবে এখনো সমাজ থেকে নারী ও শিশু নির্যাতন এবং বাল্যবিবাহ পুরোপুরি নির্মূল করা সম্ভব হয়নি। একটি আধুনিক বাংলাদেশ গড়তে হলে প্রতিটি স্তরে নারীর সমান অংশগ্রহণ এবং তাদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করা সময়ের দাবি।





















