বড়লেখায় আস-সুন্নাহ সমাজকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে কিরাত ও নাশিদ মাহফিল অনুষ্ঠিত
- আপডেট সময় : ১১:২৫:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬
- / 156
ইসলাম শান্তি, ভ্রাতৃত্ব ও মানবতার ধর্ম এই চেতনাকে সামনে রেখে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার পশ্চিম দক্ষিণভাগ জামে মসজিদ সংলগ্ন মাঠে মঙ্গলবার (৬ জানুয়ারি) এক ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

আস-সুন্নাহ সমাজকল্যাণ ফাউন্ডেশন পশ্চিম দক্ষিণভাগের অভিষেক উপলক্ষে বড়লেখা, মৌলভীবাজার-এর উদ্যোগে আয়োজিত কিরাত ও নাশিদ মাহফিলটি ধর্মপ্রাণ মুসল্লিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ওমর ইবনে খাত্তাব (রা.) মসজিদের ইমাম মাওলানা শামসুল ইসলাম এবং পশ্চিম দক্ষিণভাগ কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম সাবেদ আলী।
তেলাওয়াত পরিবেশন করেন বিশ্বজয়ী হাফিজ ক্বারী জাকারিয়া। এছাড়াও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ক্বারী জিয়াউল হক নাসেহ, ক্বারী নাসিম আহমদ ও ক্বারী রেদোয়ান আহমদ মনোমুগ্ধকর তিলাওয়াতে অংশ নেন।
নাশিদ ও ইসলামী সংগীত পরিবেশন করেন সিলেটের জনপ্রিয় গণজাগরণী ইসলামী সংগীত শিল্পী ফয়েজ আহমদ শাহরুখসহ আবির হাসান কলরব, আকরাম বিন বাহার, রাহে মদিনা শিল্পী গোষ্ঠী, ইফতি রেজাউল করিম, জয়নুল ইসলাম মুন্না, আতিকুর রহমান রাহি প্রমুখ শিল্পীরা। পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন তরুণ আবৃত্তিকার ও উপস্থাপক মামনুন হোসাইন।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাতার ও দুবাই প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবকবৃন্দ, জাকির হোসেন শিক্ষা ও সেবা ফাউন্ডেশনের চেয়ারম্যান জাকির হোসেন, স্থানীয় আলেম-ওলামা, শিক্ষাবিদ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন কাতার প্রবাসী সমাজসেবক আব্বাস উদ্দিন, আব্দুল কাইয়ুম, রিয়াজুল ইসলাম, হাজী মনির উদ্দিন, দুবাই প্রবাসী হাজী বদরুল হকসহ আরও অনেকে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাওলানা আব্দুল কাদির। বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, ইসলাম মানুষকে নৈতিকতা, শিক্ষা ও মানবসেবার পথে পরিচালিত করে। সমাজে শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে ইসলামী আদর্শ বাস্তব জীবনে অনুসরণের ওপর তাঁরা গুরুত্বারোপ করেন।
শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সফল সমাপ্তি ঘোষণা করা হয়।
ষাটমাকন্ঠ/রুমেল/এমরান




















