বড়লেখায় মেধা যাচাই ও হিফজ প্রতিযোগিতা
- আপডেট সময় : ০২:১২:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬
- / 266
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার সদর ইউনিয়নের ৮ ও ৯ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত বৃহত্তর ডিমাই প্রবাসী সমাজ কল্যাণ ঐক্য পরিষদের উদ্যোগে হাজী আব্দুল করিম (CIP) শিক্ষা ও সেবা ফাউন্ডেশনের প্রাথমিক মেধা যাচাই ও হিফজুল কোরআন প্রতিযোগিতা সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন হয়েছে।
গত ৩০ ডিসেম্বর মঙ্গলবার অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় এলাকার ছয়টি সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রায় দুই শতাধিক ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করে।
জানা যায়, বৃহত্তর ডিমাই প্রবাসী সমাজ কল্যাণ ঐক্য পরিষদ একটি স্বেচ্ছাসেবী সংগঠন, যা দীর্ঘদিন ধরে এলাকার অসহায় ও দুস্থ মানুষের কল্যাণে কাজ করে আসছে। সংগঠনের নভেম্বর মাসের কার্যনির্বাহী সভার সিদ্ধান্ত অনুযায়ী প্রথমবারের মতো এই প্রাথমিক মেধা যাচাই ও হিফজুল কোরআন প্রতিযোগিতার আয়োজন করা হয়।
এলাকার বিশিষ্ট দানবীর ও শিক্ষানুরাগী হাজী আব্দুল করিম (CIP)-এর নামানুসারে এ মেধাবৃত্তির নামকরণ করা হয় “হাজী আব্দুল করিম (CIP) প্রাথমিক মেধা যাচাই ও হিফজুল কোরআন প্রতিযোগিতা”।
প্রবাসীদের পক্ষ থেকে জিয়াউল হক শিপার (সভাপতি), কামাল আহমেদ ভিপি ও হাফিজ আজির উদ্দিনের উদ্যোগে একটি পরিচালনা কমিটি গঠন করা হয়। এতে হাফিজ লোকমান আহমদকে সভাপতি, প্রবাসী ফয়জুর রহমানকে সহ-সভাপতি, বেলাল আহমদ চৌধুরীকে সাধারণ সম্পাদক এবং ইমরান আহমদ সাজুকে অর্থ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়।
পরীক্ষা চলাকালে উপস্থিত অভিভাবক, শিক্ষক, শিক্ষার্থী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ জানান, নিয়মিত এ ধরনের মেধা যাচাই কার্যক্রম চালু থাকলে শিক্ষার্থীরা পড়াশোনায় আরও মনোযোগী হবে। তারা ভবিষ্যতেও এ প্রতিযোগিতা অব্যাহত রাখার জোর দাবি জানান।
এদিকে প্রবাসীদের পক্ষ থেকে জানানো হয়, শিক্ষার্থীরা উপকৃত হলে আগামীতে আরও বৃহৎ পরিসরে এ প্রতিযোগিতা আয়োজন করা হবে।
পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক বেলাল আহমদ চৌধুরী জানান, আগামী জানুয়ারি মাসের ২৫ থেকে ৩০ তারিখের মধ্যে হাজী আব্দুল করিম (CIP)-এর উপস্থিতিতে প্রতিযোগিতার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হবে।
























