কুলাউড়ায় মাইক্রোবাসের ধাক্কায় বড়লেখার যুবক নিহত
- আপডেট সময় : ০২:৫৮:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫
- / 106
মৌলভীবাজারের কুলাউড়ায় মাইক্রোবাসের ধাক্কায় সালাউদ্দিন নামে এক মোটরসাইকেল আরোহী যুবক নিহত হয়েছেন।
১৭ অক্টোবর (শুক্রবার) বেলা দুইটার দিকে উপজেলার আছুরিঘাট এলাকায় মৌলভীবাজার–বড়লেখা আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, নিহত সালাউদ্দিন (২৫) বড়লেখা উপজেলার সুজানগর ইউনিয়নের ভোলারকান্দি গ্রামের মৃত মনপুর আলীর ছেলে।
কুলাউড়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা শামীম আহমদ জানান , সালাউদ্দিন মোটরসাইকেল চালিয়ে কুলাউড়া উপজেলার দিকে যাচ্ছিলেন। মোটরসাইকেলের পেছনে সামাদ নামের এক যুবক ছিলেন। তিনি সালাউদ্দিনের বন্ধু। আছুরিঘাট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি মাইক্রোবাস তাঁদের মোটরসাইকেলে ধাক্কা দিয়ে দ্রুত চলে যায়। এতে মোটরসাইকেলটি উল্টে পড়ে মাথায় গুরুতর আঘাত পেয়ে সালাউদ্দিন ঘটনাস্থলেই মারা যান। তবে পেছনে থাকা সামাদ অক্ষত থাকেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে কুলাউড়া থানার পুলিশের কাছে হস্তান্তর করে।
সালাউদ্দিনের ছোট ভাই ফাহাদ আহমদ জানান, তাঁর ভাই কুলাউড়ার সাদীপুর এলাকায় তাঁদের এক আত্মীয়ের বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিলেন। পথেই দুর্ঘটনার স্বীকার হন তিনি।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

























