আপনাদের চাহিদা ও পরামর্শ অনুযায়ী মানুষের কল্যাণে কাজ করব- আমিনুল ইসলাম
বড়লেখায় বিভিন্ন ধর্মালম্বীদের নিয়ে জামায়াত প্রার্থীর মতবিনিময়
- আপডেট সময় : ০২:৩৪:১১ অপরাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫
- / 192
মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) সংসদীয় আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মাওলানা আমিনুল ইসলাম বড়লেখা পৌর শহরের পানিধার এলাকার বিভিন্ন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় সভা করেছেন।
শনিবার (২০ সেপ্টেম্বর) সকাল ১০ টায় ৬ নং ওয়ার্ড জামায়াতের আয়োজনে আব্দুর রহমান কনভেনশন হল সংলগ্ন স্থানে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন হরিরাম কর ও সঞ্চালনা করেন ওয়ার্ড জামায়াতের সভাপতি জুনেদ আহমদ।
বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা জামায়াতের সাবেক আমির ও উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী এমাদুল ইসলাম বলেন, বিগত সরকার রাজনৈতিক হীন স্বার্থে আমাদের মাঝে বিভেদ সৃষ্টি করে রেখেছিল। যারা অমুসলিমদের ক্ষতি করে তারা দুষ্কৃতকারী। কোনো মুসলমান আরেক মুসলমান কিংবা অমুসলিমদের ক্ষতি করতে পারে না। সবার জন্য শিক্ষা, কর্মসংস্থান, বাসস্থান ও স্বাস্থ্য নিশ্চিত করে মৌলভীবাজার-১ আসনকে একটি মানবিক, আধুনিক ও আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তোলাই আমাদের স্বপ্ন।’

সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আমিনুল ইসলাম বলেন, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে জামায়াতে ইসলামী ক্ষমতায় এলে জীবন দিয়ে হলেও অন্য ধর্মাবলম্বী মানুষের নিরাপত্তা দেবো। ভীতিমুক্ত একটি দেশ গঠন করা হবে ইনশাল্লাহ।
তিনি বলেন, ভিন্ন ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই এ আসনের নাগরিক, তাই একসাথে এ আসন গড়তে হবে। বিগত সময়ে আমাদের নায্য অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে, রাষ্ট্রিয় বাহিনীকে ব্যবহার করে আমাদের কণ্ঠরোধ করা হয়েছে। নাগরিক অধিকার হরণকারীদের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ প্রতিরোধ অব্যাহত থাকবে।’’
তিনি আরও বলেন, আপনারা আমাকে মূল্যবান ভোট দিয়ে নির্বাচিত করলে আমি আপনাদের চাহিদা ও পরামর্শ অনুযায়ী মানুষের কল্যাণে কাজ করব। এই আসনকে সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধনে আবদ্ধ রেখে জলাবদ্ধতা, মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ এবং দুর্নীতিমুক্ত একটি এলাকা হিসেবে গড়ে তুলব।’
তিনি ন্যায়বিচারে সমৃদ্ধ একটি আলোকিত আসন গড়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

স্থানীয় বিভিন্ন সম্প্রদায়ের নেতারা জামায়াতের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এমন মতবিনিময় ও সম্প্রীতির আহ্বান সমাজকে আরও ঐক্যবদ্ধ করবে। উপস্থিত সনাতন ধর্মাবলম্বী ব্যক্তিবর্গ মুক্ত আলোচনা করেন এবং সম্প্রীতির বন্ধন অটুট রাখতে ও নায্য অধিকারের লক্ষ্যে সৎ, যোগ্য ব্যক্তিকে নির্বাচিত করবেন বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
অন্যদের মধ্যে বক্তব্য দেন, পেশাজীবি বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক আব্দুল মোহাইমীন, পৌরসভা সেক্রেটারি আব্দুস সামাদ, সদর ইউনিয়ন সহ-সভাপতি নিজাম উদ্দিন, জামায়াত নেতা আব্দুল খালিক, কান্ত রাম কর, সমর রাম কর, চিত্ত রাম কর প্রমুখ।























