বড়লেখায় সিএনজি অটোরিকশা চুরির সময় গণপিটুনি, নিহত ১
- আপডেট সময় : ০২:৫৭:৪৭ অপরাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫
- / 228
মৌলভীবাজারের বড়লেখায় সিএনজি অটোরিকশা চুরির সময় জনতার হাতে ধরা পড়ে গণপিটুনিতে সুমন আহমদ (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় জাহাঙ্গীর আলম (৩০) নামে আরও একজন গুরুতর আহত হয়েছেন।
সোমবার (৮ সেপ্টেম্বর) ভোরে উপজেলার সদর ইউনিয়নের ডিমাই ওসমানীবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সুমন সিলেট সদর উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের হারিছ আলীর ছেলে। আহত জাহাঙ্গীর আলম মৌলভীবাজারের রাজনগর উপজেলার সুড়িখাল গ্রামের মৃত লাল মিয়ার ছেলে।
![]()
থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভোররাতে উপজেলার বিওসি কেছরীগুল গ্রামের স্বপন আহমদ খানের একটি গ্যারেজে কয়েকজন চোর প্রবেশ করে। তারা গ্যারেজ থেকে তিনটি সিএনজি অটোরিকশা চুরি করে পালানোর চেষ্টা করলে মালিক চিৎকার দেন। পরে স্থানীয় লোকজন তাদের ধাওয়া দিয়ে আটক করে মারধর করে। এতে দুইজন গুরুতর আহত হন।
খবর পেয়ে বড়লেখা থানা পুলিশ ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক সুমনকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত জাহাঙ্গীরকে মৌলভীবাজার সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
স্থানীয়রা জানান, সাম্প্রতিক সময়ে বড়লেখায় সিএনজি অটোরিকশা চুরির ঘটনা বেড়ে যাওয়ায় সাধারণ মানুষ উদ্বেগে রয়েছেন। অনেক এলাকায় গ্রামবাসী রাত জেগে পাহারা দিচ্ছেন।
বড়লেখা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান মোল্লা বলেন, সিএনজি অটোরিকশা চুরির সময় দুজনকে স্থানীয়রা ধরে পিটুনি দেয়। এতে একজন মারা গেছেন, অন্যজন গুরুতর আহত হয়েছেন। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
ষাটমাকন্ঠ/এএইচআর
























