খেলাফত মজলিস মনোনীত সংসদ সদস্য প্রার্থী লুকমানের নির্বাচনী প্রচারণা শুরু
সাড়ে ১৫ বছর ফ্যাসিষ্ট শেখ হাসিনা এদেশের মানুষের ভোটের অধিকার হরণ করেছে
- আপডেট সময় : ০৫:২৮:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫
- / 194
মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনে খেলাফত মজলিস মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মৌলভী লুকমান আহমদ বলেছেন, পরিবর্তনের আন্দোলনে দেশবাসি অতীতে যেভাবে পাশে ছিলেন, ঠিক সেভাবেই আগামিতেও জনগণকে তিনি পাশে চান। সাড়ে ১৫ বছর ফ্যাসিষ্ট শেখ হাসিনা এদেশের মানুষের ভোটের অধিকার হরণ করেছে। গণতন্ত্রকে হত্যা করেছে। আলিম উলামাদের হত্যা, গুম ও ফাঁসিতে ঝুলিয়েছে। এখন সময় এসেছে ইসলামী খেলাফত প্রতিষ্ঠার, দেশ বিনির্মাণের।
বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুরে কুলাউড়া হয়ে নির্বাচনী এলাকায় প্রবেশের পর জুড়ী-বড়লেখার কয়েকটি পথসভায় তিনি এসব কথা বলেন।
সংসদ সদস্য পদপ্রার্থী মৌলভী লুকমান আহমদ নির্বাচনী এলাকার ১০ টি স্থানে পথসভার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেন। এর আগে তাকে মোটরসাইকেল শোভাযাত্রা সহকারে বরণ করা হয়। এসময় সড়কে নেতাকর্মীর ঢল নামে।
দলীয় সূত্রে জানা গেছে, লুকমান আহমদ কাতার শাখা খেলাফত মজলিসের উপদেষ্টা। সম্প্রতি দলের কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী তাকে মৌলভীবাজার-১ আসনে সংসদ সদস্য পদপ্রার্থী মনোনীত করা হয়। প্রার্থী মনোনীত হওয়ার পর তিনি প্রথমবার দেশে ফিরেছেন। বৃহস্পতিবার দুপুরে প্রথম নির্বাচনী এলাকায় আগমন উপলক্ষ্যে বড়লেখা ও জুড়ী উপজেলা খেলাফত মজলিসের নেতাকর্মীসহ সাধারণ জনতা মৌলভী লুকমান আহমদকে নির্বাচনী আসনের দক্ষিণ সীমানা জুড়ী উপজেলার মানিকসিংহ এলাকা থেকে কয়েকশ মোটরসাইকেল দিয়ে শোভাযাত্রা সহকারে বরণ করেন। বেলা আড়াইটায় তিনি মানিকসিংহ বাজারে প্রথম নির্বাচনী পথসভা করেন। পরে জুড়ী নিউ মার্কেট চত্তর, দক্ষিণভাগ বাজার, কাঠালতলী বাজার, বড়লেখা পৌরশহর, দাসেরবাজার, আজিমগঞ্জ বাজারসহ দশ স্থানে পৃথক পৃথক পথসভায় অংশ নেন।
নিজ নির্বাচনী এলাকায় পদার্পন করতেই মৌলভী লুকমান আহমদকে ফুলের তোড়া দিয়ে বরণ করেন খেলাফত মজলিস মৌলভীবাজার জেলা সহ-সাধারণ সম্পাদক এমএম আতিকুর রহমান, বড়লেখা উপজেলা সভাপতি কাজী এনামুল হক, সহ-সভাপতি মাওলানা কাওসার আহমদ, পৌর সভাপতি মাওলানা লুৎফুর রহমান, সাধারণ সম্পাদক ফয়সল আলম স্বপন, সহ সভাপতি মাওলানা মুতাহিরুল ইসলাম, মাওলানা এখলাসুর রহমান, মাওলানা মাহবুব হোসাইন শিবলী, মাওলানা সালেহ আহমদ, সহ সাধারণ সম্পাদক মাওলানা আবুল হাসান হাদী, মাওলানা মনসুর আহমদ, প্রশিক্ষণ সম্পাদক এনামুল হক মেম্বার, হাবিবুর রহমান, ইসলামী ছাত্র মজলিস মৌলভীবাজার জেলা সভাপতি রাফি উদ্দিন মাবরুর, মৌলভীবাজার শহর সভাপতি আব্দুল্লাহ আল নোমান, বড়লেখা উপজেলা সভাপতি জাকারিয়া হোসাইন জাকির, জুড়ী উপজেলা সভাপতি আশরাফুল ইসলাম প্রমুখ।




















