স্থানীয়দের অভিযোগ: পল্লী বিদ্যুৎ বিভাগের গাফিলতিই দায়ী
বড়লেখায় মাদ্রাসার ছাদ থেকে ফুটবল নামাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ছাত্রের মর্মান্তিক মৃত্যু
- আপডেট সময় : ১২:৪৬:৩৫ অপরাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫
- / 230
মৌলভীবাজারের বড়লেখায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জাফর আহমদ (১০) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (২৫ মে) সকাল সাড়ে ছয়টার দিকে উপজেলার দক্ষিণভাগ ইউনিয়নের শেখপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জাফর দক্ষিণভাগ শেখপাড়া কওমি মাদ্রাসার হিফজ বিভাগের ছাত্র। সে উপজেলার বড়থল আদর্শগ্রামের কাউছার আহমদের ছেলে।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, রোববার সকালবেলা মাদ্রাসার মাঠে অন্যান্য ছাত্রদের সঙ্গে ফুটবল খেলছিল জাফর। খেলার একপর্যায়ে বলটি মাদ্রাসার একতলা ভবনের ছাদে গিয়ে আটকে পড়ে। এরপর জাফর সুপারি গাছ বেয়ে ছাদে উঠে বলটি নামানোর চেষ্টা করে। ছাদের ওপর দিয়ে যাওয়া বিদ্যুতের তারে অসাবধানতাবশত শরীর স্পর্শ করায় সে সঙ্গে সঙ্গে বিদ্যুৎস্পৃষ্ট হয় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।
দুর্ঘটনার পর সহপাঠীরা চিৎকার শুরু করলে স্থানীয়রা ছুটে আসেন এবং বড়লেখা ফায়ার সার্ভিস ও থানা পুলিশে খবর দেয়। পরে উদ্ধারকর্মীরা এসে জাফরের মৃতদেহ উদ্ধার করে।
স্থানীয় বাসিন্দারা অভিযোগ করে জানান, মাদ্রাসার ভবন ঘেঁসে খোলা বৈদ্যুতিক তার টানা ছিল। যা ছিল মারাত্মক ঝুঁকিপূর্ণ। পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ দীর্ঘদিন ধরে এই অবহেলা করছে। আজকের মর্মান্তিক দুর্ঘটনা এরই ফল। যদি সময়মতো প্রয়োজনীয় বিদ্যুৎ সুরক্ষা ব্যবস্থা নেওয়া হতো, তাহলে জাফরের মতো শিশু প্রাণ হারাত না। এই তারটি যদি এখনও সরানো না হয়, তাহলে ভবিষ্যতে আরও অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটবে।
বড়লেখা থানার ওসি আবুল কাশেম সরকার বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক মাদ্রাসা ছাত্র মারা গেছে। তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।





















