বড়লেখা-বিয়ানিবাজার সীমান্তে সতর্ক প্রহরায় বিজিবি, নিরাপত্তা জোরদার
- আপডেট সময় : ০৪:৩৮:১৩ অপরাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫
- / 198
নিজস্ব প্রতিবেদকঃ মৌলভীবাজারের বড়লেখা ও সিলেটের বিয়ানীবাজার সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক অবৈধ পুশইনের ঘটনা বেড়ে যাওয়ায় সতর্ক অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পুশইন প্রতিরোধে সীমান্তজুড়ে টহল ও নজরদারি জোরদার করেছে বিজিবি-৫২ ব্যাটালিয়ন।
শনিবার সারাদিন সীমান্ত এলাকার বিভিন্ন পয়েন্ট ঘুরে বিজিবিকে সক্রিয়ভাবে টহল দিতে এবং সড়কের বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে যানবাহন তল্লাশি চালাতে দেখা গেছে।
গত দুইদিনে বিএসএফ বড়লেখা সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে শতাধিক মানুষকে পুশইন করে। এরমধ্যে ৪৪ জনকে স্থানীয়দের সহযোগিতায় বিজিবি আটক করে পুলিশে সোপর্দ করেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বড়লেখা, বিয়ানীবাজার ও জুড়ী উপজেলায় বিজিবি-৫২ ব্যাটালিয়নের আওতাধীন প্রায় ১১৪ কিলোমিটার সীমান্ত রয়েছে। জুড়ী উপজেলার রাজকী বিওপি থেকে বড়লেখা উপজেলার সীমান্ত হয়ে বিয়ানীবাজারের গজুকাটা বিওপি পর্যন্ত এর বিস্তৃতি। সীমান্তের অনেক জায়গায় নেই তারকাটা বেড়া। গহীন অরণ্যের মধ্যের সীমান্ত দিয়ে বিজিবির টহল টিমের চোখ ফাঁকি দিয়ে গত কয়েক দিন ধরে বিএসএফ অবৈধভাবে ভারতে অবস্থানরত বাংলাদেশি লোকজনকে ধরে ধরে পুশইন করছে।
সীমান্তবাসীদের দেওয়া তথ্য অনুযায়ি গত দুইদিনে শতাধিক অবৈধ বাংলাদেশি নাগরিককে পুশইন করেছে বিএসএফ।
আটককৃতদের দেওয়া তথ্য অনুযায়ী সীমান্তের ওপারে আরো অবৈধ বাংলাদেশি নাগরিককে পুশইন করার প্রস্তুতিতে রয়েছে বিএসএফ। এমন তথ্যের ভিত্তিতে বিজিবি শুক্রবার সকাল থেকে সতর্ক অবস্থায় দিনরাত টহল জোরদার করেছে। সরেজমিনে বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর, কুমারশাইল, নিউ পাল্লাথল, বোবারথল, বিয়ানীবাজারের শেওলা, গজুকাটা, জুড়ী উপজেলার ফুলতলা, রাজকী সীমান্তে বিজিবি সদস্যদের অত্যন্ত সতর্ক অবস্থান লক্ষ্য করা গেছে। সীমান্ত এলাকার রাস্তাঘাটে চলাচলকারি যানবাহন তল্লাশি করতেও দেখা যায়।
বিজিবি-৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মেহেদী হাসান (পিপিএম) রাত সাড়ে ৮ টায় জানান, টহল জোরদারের পর থেকে বিএসএফের পুশইনের কোনো খবর পাওয়া যায়নি। পুশইন ঠেকাতে বিজিবি সীমান্তে খুবই সতর্ক অবস্থায় টহল দিচ্ছে। টহল জোরদার ও যানবাহন তল্লাশি অভিযানের কারণে শনিবার সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত তার (ব্যাটালিয়ন অধিনায়ক) আওতাধীন সীমান্ত এলাকা দিয়ে পুশইনের কোনো ঘটনা ঘটেনি।















