কুলাউড়া মনু নদী থেকে উদ্ধার ভারতীয় নাগরিকের মৃতদেহ হস্তান্তর
- আপডেট সময় : ০৫:২১:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
- / 14
মৌলভীবাজারের কুলাউড়ায় মনু নদী থেকে উদ্ধার ভারতীয় নাগরিকের মৃতদেহ হস্তান্তর করেছে কুলাউড়া থানা পুলিশ। পরিচয় নিশ্চিত হওয়ার পর ভারতের ত্রিপুরা রাজ্যের কৈলাশহরের বাসিন্দা নিখোঁজ নিত্যানন্দ মালাকার (৩৫) এর মৃতদেহ ১৪ মে (বৃহস্পতিবার) বিকেল ৬ টার দিকে উপজেলার চাতলাপুর স্থলবন্দর দিয়ে ভারতীয় পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এসময় উভয় দেশের স্থলবন্দরের কর্মকর্তা, পুলিশ, বিজিবি, বিএসএফের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বৃহস্পতিবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন কুলাউড়া থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান মোল্যা।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ১১ মে বিকেলে উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের ছৈদলবাজার এলাকায় মনু নদী থেকে ভাসমান একটি লাশ উদ্ধার করে পুলিশ। উজানের ভারত থেকে বহমান মনু নদী কুলাউড়া উপজেলা সীমান্তবর্তী শরীফপুর দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। ৯ মে ভারতের ত্রিপুরা রাজ্যের কৈলাশহরের যুবক নিত্যানন্দ মালাকার নিখোঁজ হন। এনিয়ে স্থানীয় থানায় জিডি করেন পরিবারের সদস্যরা।

এদিকে ১১ মে বিকেলে মনু নদীতে একটি অজ্ঞাত ভাসমান লাশ দেখতে পান এলাকাবাসী। পরে বিষয়টি কুলাউড়া থানা পুলিশকে জানানো হলে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করে। পরে আঙুলের ছাপে বাংলাদেশের কোনো নাগরিকদের লাশ নয় এমনটি নিশ্চিত হয় পুলিশ।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, ১১ মে দিনে দীর্ঘ সময় ধরে লাশটি মনু নদীর ছৈদলবাজার খেয়াঘাটে পাশে ব্লকের মাঝে আটকে ছিল। পরে নদীর পানির স্রোতে ভেসে টিলাগাঁও ইউনিয়নের চানপুর এলাকার মনু নদীর তীরে গিয়ে আটকে থাকে। গত কয়েকদিনের অতি বৃষ্টিতে মনু নদীর পানি প্রবাহ বৃদ্ধি পেয়েছে। এর আগেও অনেকবার সীমান্তবর্তী নদীতে এরকম মৃতদেহ ভেসে আসে।
এ বিষয়ে কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান মোল্যা বলেন, নদীতে ভাসমান লাশের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে প্রেরণ করে ও পরিচয় শনাক্তের চেষ্টা করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছিল নদীর স্রোতে ভারত থেকে লাশটি ভেসে এসেছে। পরে ভারতীয় পুলিশ আমাদের সাথে যোগাযোগ করে পরিচয় নিশ্চিত করলে আইনি প্রক্রিয়া শেষে ১৪ মে বিকেলে ভারতীয় পুলিশের কাছে মৃতদেহ হস্তান্তর করা হয়।

























