কুলাউড়ায় সরকারি কলেজে নানা আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন
- আপডেট সময় : ০৫:৩৫:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬
- / 4
মৌলভীবাজারের কুলাউড়া সরকারি কলেজে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে বর্ষবরণ অনুষ্ঠান পালিত হয়েছে। ১৪ এপ্রিল (মঙ্গলবার) কুলাউড়া সরকারি কলেজ প্রাঙ্গণে দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে পহেলা বৈশাখ উদযাপন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুলাউড়া আসনের সংসদ সদস্য শওকতুল ইসলাম শকু এমপি। তিনি তাঁর বক্তব্যে বাংলা সংস্কৃতি ও ঐতিহ্যকে ধারণ করে নতুন প্রজন্মকে এগিয়ে যাওয়ার আহ্বান জানান। পাশাপাশি তিনি আরও বলেন, পহেলা বৈশাখ বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক, যা জাতিকে ঐক্যবদ্ধ রাখে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুলাউড়া সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ একে এম শাহজালাল। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, বাংলা সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষায় তরুণদের অগ্রণী ভূমিকা রাখতে হবে।
বর্ষবরণ অনুষ্ঠান উপলক্ষে কলেজ প্রাঙ্গণে বর্ণাঢ্য শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান, সংগীত পরিবেশনা এবং আলোচনা সভার আয়োজন করা হয়। এতে কলেজের শিক্ষক- প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা রঙিন ব্যানার, ফেস্টুন ও ঐতিহ্যবাহী সাজসজ্জার মাধ্যমে নববর্ষকে স্বাগত জানান।
সাংস্কৃতিক অনুষ্ঠানে শিক্ষার্থীরা গান, নৃত্য ও কবিতা আবৃত্তির মাধ্যমে বাংলা নববর্ষের ঐতিহ্য তুলে ধরেন, যা উপস্থিত দর্শকদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি করে। দিনব্যাপী আয়োজনে উৎসবমুখর পরিবেশে কুলাউড়া সরকারি কলেজে পহেলা বৈশাখের এই আয়োজন সফলভাবে সম্পন্ন হয়েছে।
ষাটমাকন্ঠ / মহি

























