বড়লেখায় অর্ধশতাধিক শীতার্তদের মাঝে বিজিবি’র কম্বল বিতরণ
- আপডেট সময় : ০৪:২৪:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬
- / 224
বড়লেখা সীমান্ত এলাকায় বিয়ানীবাজার (৫২-বিজিবি) ব্যাটালিয়নের উদ্যোগে অর্ধশতাধিক দুস্থ ও শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুরে উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের শাহবাজপুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এই শীতবস্ত্র বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।
বিজিবি লাতু কোম্পানি কমান্ডার সুবেদার জসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিবি-৫২ ব্যাটালিয়নের নবাগত অধিনায়ক লে. কর্নেল মো. আতাউর রহমান। তিনি স্থানীয় হতদরিদ্র মানুষের হাতে শীতের উপহার হিসেবে কম্বল তুলে দেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন ব্যাটালিয়নের সহকারী পরিচালক মাহফুজুর রহমান। অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন বড়লেখা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রব, বিজিবি নয়াগ্রাম কোম্পানি কমান্ডার নায়েক সুবেদার আসমত উল্লাহ ঠাকুর, শাহবাজপুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কয়ছর আহমদ, সাংবাদিক আজাদ বাহার জামালি, হাসান শামীম ও তপন কুমার দাস প্রমুখ।
বিজিবি কর্মকর্তারা জানান, সীমান্ত সুরক্ষার পাশাপাশি আর্তমানবতার সেবায় বিজিবি সবসময় সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে। চলমান তীব্র শীতে সীমান্ত এলাকার দরিদ্র মানুষের কষ্ট লাঘবে বিজিবির এই মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে। স্থানীয় বাসিন্দারা বিজিবির এই উদ্যোগের প্রশংসা করেছেন।















