র্যাবের অভিযানে বরিশালের অপহৃত স্কুলছাত্রী বড়লেখায় উদ্ধার, অতঃপর..
- আপডেট সময় : ০৪:০১:২৫ অপরাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫
- / 205
মৌলভীবাজারের বড়লেখা পৌরসভা এলাকায় অভিযান চালিয়ে বরিশালের সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীকে উদ্ধার করেছে র্যাব। এ সময় অভিযুক্ত জাহিদুল ইসলামকে (পিতা: আব্দুল খালেক, গ্রাম: বাগমারা, সদর উপজেলা, ভোলা) আটক করা হয়। শুক্রবার (১৪ নভেম্বর) গভীর রাতে র্যাব-৯ শ্রীমঙ্গল ও র্যাব-৮ বরিশালের একটি যৌথ দল এ অভিযান পরিচালনা করে।
র্যাব জানায়, বরিশালের বাবুগঞ্জ বালিকা বিদ্যালয়ের ওই ছাত্রীকে দীর্ঘদিন ধরে মোবাইল ফোনে প্রস্তাব দেওয়া ও উত্যক্ত করছিল অভিযুক্ত জাহিদুল। বিষয়টি ভিকটিমের পরিবার জানালে তাকে সতর্ক করা হয়। কিন্তু এরপরও উত্যক্ত করা থামেনি।
পরিবারের অভিযোগ, ১০ সেপ্টেম্বর সকাল সাড়ে ৯টার দিকে স্কুলে যাওয়ার সময় বিদ্যালয়ের সামনে রাস্তা থেকে কয়েকজন সহযোগীসহ জোরপূর্বক একটি মাহেন্দ্র গাড়িতে তুলে নিয়ে যাওয়া হয় শিক্ষার্থীর। এ ঘটনায় ভিকটিমের বাবা নারী ও শিশু নির্যাতন দমন আইনে বাবুগঞ্জ থানায় মামলা দায়ের করেন।
মামলার পর র্যাব ছায়া তদন্ত শুরু করে। পরবর্তীতে গোপন তথ্যের ভিত্তিতে শুক্রবার রাত ১টার দিকে বড়লেখায় অভিযান চালিয়ে ছাত্রীটিকে উদ্ধার এবং সন্দেহভাজন জাহিদুল ইসলামকে আটক করা হয়।
র্যাব জানিয়েছে, আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নিতে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।















