জুড়ীতে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল যুবকের
- আপডেট সময় : ১২:৫২:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫
- / 139
মৌলভীবাজারের জুড়ী উপজেলায় ভয়াবহ মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন প্রিয়ন্ত দাস (২০) নামের এক যুবক। তিনি বড়লেখা উপজেলার পানিসাওয়া গ্রামের প্রদীপ দাসের ছেলে।
স্থানীয়রা জানান, সোমবার (১৭ সেপ্টেম্বর) আনুমানিক সন্ধ্যা ৭টার দিকে সাগরনাল ইউনিয়নের গাংগেরফুল ব্রিজ সংলগ্ন স্থানে একটি মোটরসাইকেল দুর্ঘটনা ঘটে। ওই সময় মোটরসাইকেলে থাকা দু’জন আরোহী গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
পরে কর্তব্যরত চিকিৎসক গুরুতর আহত প্রিয়ন্ত দাসকে মৃত ঘোষণা করেন। অপর আহত যুবক বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। তার পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুর্শেদুল আলম ভূইয়া জানান, মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত যুবকের পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশ আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
হঠাৎ এই মৃত্যুতে নিহতের পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।























