কোর্স ফর রোভার মেট সম্পন্ন করলেন সিলেট মুক্ত রোভার স্কাউট গ্রুপের ৮ সদস্য
- আপডেট সময় : ০৭:০৩:৩১ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬
- / 60
রোভার স্কাউটদের নেতৃত্বগুণ, সাংগঠনিক দক্ষতা ও দায়িত্বশীলতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত পাঁচ দিনব্যাপী ‘কোর্স ফর রোভার মেট’ সফলভাবে সম্পন্ন করেছেন সিলেট মুক্ত রোভার স্কাউট গ্রুপের আট সদস্য। ২৫ থেকে ২৯ আগস্ট অনুষ্ঠিত এ প্রশিক্ষণে অংশ নিয়ে তারা রোভার স্কাউটিংয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে প্রশিক্ষণ, ব্যবহারিক জ্ঞান ও নেতৃত্বের অভিজ্ঞতা অর্জন করেন।
প্রশিক্ষণে সিলেট মুক্ত রোভার স্কাউট গ্রুপের রোভার সদস্য হিসেবে অংশগ্রহণ করেন—রোভার আলী আকবর মাহি, রোভার আব্দুল কাদির, রোভার নূর ই আলম রাফসান, রোভার জামিউল হাসান আরাফ ও রোভার মারুফ হাসান। এছাড়া গার্ল-ইন-রোভার হিসেবে অংশ নেন উপমা আক্তার জেরিন, সানিহা আক্তার বুশরা ও হাবিবা আক্তার সুমাইয়া।
পাঁচ দিনব্যাপী এ প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের নেতৃত্ব বিকাশ, দল পরিচালনা, দায়িত্বশীলতা, শৃঙ্খলা, যোগাযোগ দক্ষতা, সাংগঠনিক কার্যক্রম পরিচালনা এবং সেবামূলক কর্মকাণ্ডসহ রোভার স্কাউটিংয়ের বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। পাশাপাশি একজন দক্ষ রোভার মেট হিসেবে দায়িত্ব পালনের জন্য প্রয়োজনীয় দক্ষতা, পরিকল্পনা ও মানসিক প্রস্তুতির ওপর গুরুত্ব দেওয়া হয়।
প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন সিলেট মুক্ত রোভার স্কাউট গ্রুপের রোভার স্কাউট লিডার স্কাউটার গালিব রহমান, স্কাউটার আব্দুল্লাহ আল মামুন ও স্কাউটার রোমানা আফরোজ। কোর্সের সার্বিক কার্যক্রমে স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পালন করেন গ্রুপটির সিনিয়র রোভার মেট রোভার আবু সাঈদ ও রোভার কামরান আহমদ।
প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী রোভাররা নিজেদের ইউনিট ও সংগঠনের কার্যক্রমে আরও দক্ষতার সঙ্গে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি সমাজসেবা ও মানবকল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে যুক্ত হওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
সংশ্লিষ্টরা জানান, সিলেট মুক্ত রোভার স্কাউট গ্রুপের সদস্যদের এ প্রশিক্ষণে অংশগ্রহণ সংগঠনের নেতৃত্ব বিকাশ ও সাংগঠনিক সক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ অর্জন। প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে ভবিষ্যতে স্কাউটিং কার্যক্রমকে আরও গতিশীল করার পাশাপাশি সমাজের কল্যাণে অবদান রাখার প্রত্যাশা করছেন প্রশিক্ষণপ্রাপ্ত সদস্যরা।














