ফকির বাজার উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা
- আপডেট সময় : ০৪:৪৮:৩২ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬
- / 274
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার ১নং বর্ণি ইউনিয়নের খ্যাতনামা শিক্ষা প্রতিষ্ঠান ফকির বাজার উচ্চ বিদ্যালয়ে এসএসসি ২০২৬ সালের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা এবং বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে।
সম্প্রতি বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও অতিথিদের উপস্থিতিতে এক আনন্দঘন পরিবেশ সৃষ্টি হয়। অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক ও পুরস্কার তুলে দেওয়া হয়। পাশাপাশি বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১নং বর্ণি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মো. জয়নাল আবেদীন। তিনি তাঁর বক্তব্যে শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা ও ভবিষ্যৎ জীবনে সফলতার জন্য কঠোর পরিশ্রমের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, একটি জাতির উন্নয়নের মূল ভিত্তি হলো শিক্ষা। শিক্ষার্থীদের শুধু ভালো ফলাফল অর্জন নয়, বরং সুশিক্ষিত ও আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠতে হবে।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নুরজাহান চৌধুরী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। তিনি বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম, শিক্ষার্থীদের সাফল্য এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে বলেন, ফকির বাজার উচ্চ বিদ্যালয় দীর্ঘদিন ধরে এলাকার শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। শিক্ষার্থীদের মেধা বিকাশ ও সৃজনশীলতা বৃদ্ধির লক্ষ্যে নিয়মিতভাবে বিভিন্ন সহশিক্ষামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গল্লাসাংগণ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাকারিয়া হোসেন, পাকশাইল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক বিজিত চক্রবর্তী (গোপাল)। তাঁরা শিক্ষার্থীদের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক বক্তব্য দেন এবং ভালো ফলাফলের পাশাপাশি মানবিক মূল্যবোধসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।
এ সময় ফকির বাজার উচ্চ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য, অভিভাবক ও বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। অতিথিরা কৃতি শিক্ষার্থীদের অভিনন্দন জানান এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

অনুষ্ঠানের আয়োজকরা জানান, শিক্ষার্থীদের উৎসাহিত করা, তাদের মেধা ও প্রতিভার স্বীকৃতি দেওয়া এবং ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণে উদ্বুদ্ধ করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য। এমন আয়োজন শিক্ষার্থীদের মধ্যে নতুন উদ্যম সৃষ্টি করবে এবং ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনে অনুপ্রেরণা জোগাবে।
ফকির বাজার উচ্চ বিদ্যালয়ের এ আয়োজনের মধ্য দিয়ে শিক্ষা, ক্রীড়া ও সহশিক্ষামূলক কার্যক্রমের সমন্বয়ে একটি প্রাণবন্ত পরিবেশ তৈরি হয়, যা বিদ্যালয়ের দীর্ঘদিনের ঐতিহ্য ও সাফল্যের ধারাকে আরও সমৃদ্ধ করবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।















