সিলেটস্থ দোয়ারাবাজার সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত
- আপডেট সময় : ০২:১০:১৫ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
- / 62
সিলেটস্থ দোয়ারাবাজার সমিতির ২০২৬–২০২৭ সেশনের নবগঠিত কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৩ আগস্ট) সন্ধ্যা ৭টায় নগরীর দরগাহ গেইটস্থ কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের (কেমুসাস) শহীদ সোলেমান হলে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এ অনুষ্ঠান সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক মো. মিজানুর রহমান চৌধুরী মিজান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক মো. সামছুল ইসলাম এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের অধ্যাপক ড. মো. আব্দুল জলিল।
সিলেটস্থ দোয়ারাবাজার সমিতির সভাপতি মহিতোষ মজুমদার বসুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভাটি পরিচালনা করেন সমিতির সাধারণ সম্পাদক তাইবুর রহমান।

অনুষ্ঠানে বক্তারা দোয়ারাবাজারবাসীর মধ্যে পারস্পরিক সম্প্রীতি, ঐক্য ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করেন। তারা সিলেটে বসবাসরত দোয়ারাবাজারের মানুষের কল্যাণে সমিতির সামাজিক, মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম আরও বিস্তৃত করার আহ্বান জানান।
বক্তারা বলেন, একটি সংগঠনের মূল শক্তি হলো সদস্যদের ঐক্য, সহযোগিতা ও দায়িত্বশীলতা। নবগঠিত কমিটি দোয়ারাবাজারের মানুষের উন্নয়ন, শিক্ষা বিস্তার, সামাজিক কর্মকাণ্ড এবং মানবসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে নবগঠিত কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ ছাড়াও দোয়ারাবাজারের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সংগঠনের শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সিলেটস্থ দোয়ারাবাজার সমিতি দীর্ঘদিন ধরে সামাজিক, মানবিক ও কল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। সংগঠনটি অতীতেও শিক্ষা সহায়তা, মানবসেবা ও বিভিন্ন জনকল্যাণমূলক উদ্যোগের মাধ্যমে দোয়ারাবাজারবাসীর পাশে রয়েছে।

























