বড়লেখা বালিকা উচ্চ বিদ্যালয়ে সংবর্ধিত তিন গুণী শিক্ষক
- আপডেট সময় : ০৫:০৯:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
- / 11
শিক্ষকতা জীবনের দীর্ঘ পথচলার অবসানে আবেগঘন পরিবেশে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে বড়লেখা বালিকা উচ্চ বিদ্যালয়ের তিন গুণী শিক্ষককে। মঙ্গলবার (২৫ আগস্ট ২০২৬ খ্রি.) বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক অধীর চন্দ্র বিশ্বাস, সাবেক সিনিয়র শিক্ষক আজিজুল হক এবং সাবেক সিনিয়র শিক্ষক হীরন্দ্র কুমার দত্তকে শ্রদ্ধা ও ভালোবাসায় বিদায় জানানো হয়।
বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জিল্লুর রহমান ও মরিয়ম জামিলার সঞ্চালনায় অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মইনুল ইসলাম। অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি মো. জুনেদ রায়হান রিপন এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হাওলাদার আজিজুল ইসলাম।
এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক দীপক নন্দী এবং সাবেক সিনিয়র শিক্ষক সয়েফ আহমদ। বক্তারা বিদায়ী শিক্ষকদের দীর্ঘ কর্মজীবনের অবদান, সততা, নিষ্ঠা ও শিক্ষার্থীদের প্রতি তাঁদের মমত্ববোধের কথা স্মরণ করেন। তাঁরা বলেন, একজন শিক্ষক শুধু পাঠদান করেন না, তিনি প্রজন্ম গঠনের কারিগর। বড়লেখা বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার অগ্রযাত্রায় বিদায়ী শিক্ষকবৃন্দের অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।

অনুষ্ঠানে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মইনুল ইসলাম আবেগঘন বক্তব্যে বলেন, “আজকের দিনটি আমাদের জন্য আনন্দ ও বেদনার এক মিশ্র অনুভূতির দিন। দীর্ঘদিন ধরে যাঁরা এই বিদ্যালয়ের উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যৎ গঠনে নিজেদের মেধা, শ্রম ও ভালোবাসা দিয়ে কাজ করেছেন, তাঁদের বিদায় জানানো আমাদের জন্য অত্যন্ত কষ্টের। অধীর চন্দ্র বিশ্বাস স্যার, আজিজুল হক স্যার ও হীরন্দ্র কুমার দত্ত স্যার শুধু শিক্ষক ছিলেন না, তাঁরা ছিলেন এই বিদ্যালয়ের অভিভাবকস্বরূপ। তাঁদের আদর্শ, কর্মনিষ্ঠা ও স্মৃতি আমাদের পথচলার অনুপ্রেরণা হয়ে থাকবে।”
তিনি আরও বলেন, “বিদ্যালয় তাঁদের অবদান কখনো ভুলবে না। আমরা তাঁদের সুস্থতা, দীর্ঘায়ু ও অবসর জীবন শান্তি ও আনন্দে কাটুক এই কামনা করি।”
বিদায় সংবর্ধনায় বিদায়ী শিক্ষকরা তাঁদের দীর্ঘ শিক্ষকতা জীবনের নানা স্মৃতি তুলে ধরেন। সহকর্মী, শিক্ষার্থী ও অতিথিদের ভালোবাসায় তাঁরা আবেগাপ্লুত হয়ে পড়েন। এ সময় বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং অবসর জীবন সুন্দর ও সুস্থভাবে অতিবাহিত করার জন্য দোয়া কামনা করেন।
বড়লেখা বালিকা উচ্চ বিদ্যালয়ের ইতিহাসে এই তিন গুণী শিক্ষকের অবদান স্মরণীয় হয়ে থাকবে বলে জানান সংশ্লিষ্টরা। তাঁদের কর্ম ও আদর্শ আগামী প্রজন্মের শিক্ষক-শিক্ষার্থীদের অনুপ্রেরণা জোগাবে।





















