কুলাউড়ায় সাংবাদিকদের সঙ্গে স্বদেশমেইল সম্পাদক নজরুল ইসলাম খানের মতবিনিময়
- আপডেট সময় : ০১:৪৩:২৪ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬
- / 124
কুলাউড়ায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন যুক্তরাজ্যপ্রবাসী কমিউনিটি নেতা, জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল স্বদেশমেইল ডটকমের সম্পাদক ও প্রকাশক নজরুল ইসলাম খান।
শনিবার (২২ আগস্ট) রাতে কুলাউড়ার একটি রেস্টুরেন্টে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় স্থানীয় সাংবাদিকদের পেশাগত দায়িত্ব, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং এলাকার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়।
মতবিনিময়কালে নজরুল ইসলাম খান বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। সত্য, ন্যায় ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে তারা যেমন সাধারণ মানুষের কথা তুলে ধরেন, তেমনি একটি এলাকার উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। তিনি কুলাউড়ার উন্নয়ন, জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয় এবং মানুষের প্রত্যাশাগুলো গণমাধ্যমে তুলে ধরতে সাংবাদিকদের আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
তিনি আরও বলেন, স্থানীয় সাংবাদিকদের মধ্যে ঐক্য, পেশাগত দক্ষতা ও দায়িত্বশীলতা থাকলে এলাকার ইতিবাচক পরিবর্তনে গণমাধ্যম আরও কার্যকর ভূমিকা রাখতে পারে।
উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. মছব্বির আলীর সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক মাহফুজ শাকিলের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন সিনিয়র সাংবাদিক এম মোক্তাদির হোসেন, প্রেসক্লাব কুলাউড়ার সিনিয়র সহ-সভাপতি ময়নুল হক পবন, বিশ্বজিৎ দাস, সাংবাদিক সমিতির সভাপতি নাজমুল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল বারী সোহেল, তাজুল ইসলাম, মানবজমিন প্রতিনিধি আলাউদ্দিন কবির, কালবেলা প্রতিনিধি মহি উদ্দিন রিপন ও এইচ ডি রুবেলসহ অনেকে।
এ সময় কুলাউড়ায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন। তারা স্থানীয় সাংবাদিকতার নানা সমস্যা, সম্ভাবনা ও পেশাগত চ্যালেঞ্জ তুলে ধরেন।
















