কুলাউড়ায় বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী পালনের অভিযোগে ছাত্রলীগ নেত্রী গ্রেপ্তার
- আপডেট সময় : ০৭:১৪:১৫ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬
- / 74
মৌলভীবাজারের কুলাউড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে কর্মসূচি পালনের অভিযোগে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সিলেট জেলা নেত্রী জান্নাতুল ফেরদৌস চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১৫ আগস্ট) দুপুরে উপজেলার কর্মধা ইউনিয়নের ভাতাইয়া এলাকায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত জান্নাতুল ফেরদৌস ভাতাইয়া এলাকার মৃত আব্দুল মছব্বির চৌধুরীর মেয়ে। তার বড় বোন ফাতেহা ফেরদৌস চৌধুরী পপি কুলাউড়া উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান এবং উপজেলা মহিলা আওয়ামী লীগের নেত্রী ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে শনিবার সকালে জান্নাতুল ফেরদৌস তার বাড়ির পাশে অবস্থিত ভাতাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বারান্দায় জাতীয় পতাকার পাশাপাশি কালো পতাকা উত্তোলন করেন। পরে বিদ্যালয়ের শহীদ মিনারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি রেখে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
এ সময়ের ছবি ও ভিডিও ধারণ করে তিনি নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে প্রকাশ করেন। পরে বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে পুলিশের নজরে আসে। এরপর অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
কুলাউড়া সার্কেলের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত সহকারী পুলিশ সুপার আবুল খায়ের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, “জান্নাতুল ফেরদৌসের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। তাকে রোববার সকালে আদালতে পাঠানো হবে।”
















