মৌলভীবাজারে আইন-শৃঙ্খলা ও মাদক নিয়ন্ত্রণে মতবিনিময় সভা
- আপডেট সময় : ০৪:৩৮:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
- / 20
মৌলভীবাজারে আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও মাদক নিয়ন্ত্রণে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ জুলাই) দুপুরে জেলা পুলিশের উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে “Exchange of Views on Law Enforcement & Drug Control” শীর্ষক এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নাসের রহমান। এতে সভাপতিত্ব করেন সিলেট রেঞ্জের ডিআইজি ড. মো. জিললুর রহমান। স্বাগত বক্তব্য দেন মৌলভীবাজারের পুলিশ সুপার মো. মনিরুল ইসলাম।
মতবিনিময় সভায় জেলার সাতটি উপজেলা থেকে পাঁচ শতাধিক মানুষ অংশগ্রহণ করেন। এতে ছাত্রছাত্রী, জনপ্রতিনিধি, আইনজীবী, সাংবাদিক, ব্যবসায়ী, বীর মুক্তিযোদ্ধা ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশ ও জনগণের মধ্যে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করা প্রয়োজন। এ ধরনের মতবিনিময় সভা জনগণের মতামত গ্রহণ এবং পুলিশি সেবাকে আরও কার্যকর ও জনবান্ধব করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উন্মুক্ত আলোচনা পর্বে অংশগ্রহণকারীরা জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মাদক নির্মূল, মাদকাসক্তদের চিকিৎসা ও পুনর্বাসন, অপরাধ প্রতিরোধ এবং জনসচেতনতা বৃদ্ধিসহ বিভিন্ন বিষয়ে মতামত ও সুপারিশ তুলে ধরেন। বক্তারা মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, জনপ্রতিনিধি, শিক্ষাপ্রতিষ্ঠান, অভিভাবক ও সাধারণ মানুষের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানের শেষ পর্বে মাদকবিরোধী সচেতনতা বাড়াতে ডিআইজি ড. মো. জিললুর রহমানের উদ্যোগে বিশেষ কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ডিআইজি।
সভায় বক্তারা মাদকমুক্ত মৌলভীবাজার গঠন এবং জননিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের জনসম্পৃক্ত কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।






















