বড়লেখায় সড়ক দুর্ঘটনায় জুড়ীর যুবক নিহত, গুরুতর আহত ৩
- আপডেট সময় : ১২:০৪:১২ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬
- / 31
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দক্ষিণভাগ ইউনিয়নের হাতলিয়া এলাকায় পিকআপ ভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে জুড়ী উপজেলার এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন।
রোববার (২৬ জুলাই) দুপুরে জুড়ী-বড়লেখা আঞ্চলিক সড়কের হাতলিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আলী হোসেন (৩৫) জুড়ী উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের কচুরগুল গ্রামের হাজী সোয়াব উদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, জুড়ী থেকে বড়লেখাগামী একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে গেলে এর যাত্রীরা গুরুতর আহত হন।
খবর পেয়ে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক আলী হোসেনকে মৃত ঘোষণা করেন। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
জুড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সমরজিৎ সিংহ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হাসপাতালে আনার পর একজনকে মৃত ঘোষণা করা হয়েছে। গুরুতর আহত তিনজনকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। এছাড়া আহত কয়েকজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
























