শাবিপ্রবির বাংলা বিভাগে ফল উৎসব অনুষ্ঠিত
- আপডেট সময় : ১০:২৯:৩১ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬
- / 81
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) বাংলা বিভাগের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ জুলাই) দুপুর দেড়টায় বিভাগের বাংলা সমিতির উদ্যোগে আয়োজিত এ উৎসবে শিক্ষক-শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বাংলা বিভাগের এ আয়োজন সত্যিই প্রশংসনীয়। অনুষ্ঠানটি সফলভাবে আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই। আমরা সবাই একটি পরিবারের সদস্য। পরিবারে নানা ধরনের সমস্যা থাকাটা স্বাভাবিক, তবে সব সমস্যার সমাধান রাতারাতি সম্ভব নয়।
ভাইস চ্যান্সেলর বলেন, ‘আমার হাতে যদি কিছু করার সুযোগ থাকে, তাহলে মেয়েদের জন্যই আগে কাজ করব। কারণ, আমার অগ্রাধিকারের তালিকায় তারাই রয়েছে। তাদের সমস্যাও তুলনামূলক বেশি।’
তিনি আরও বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী আমাকে এখানে একজন সার্ভিস প্রোভাইডার হিসেবে পাঠিয়েছেন। তাই শিক্ষার্থীদের প্রয়োজনীয় সেবা নিশ্চিত করাই আমার দায়িত্ব। আমরা ভালো কিছু করতে চাই, আর তোমরা পাশে থাকলে তা বাস্তবায়ন করা সম্ভব।’
শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার প্রথম দিন থেকেই পড়াশোনার প্রতি মনোযোগী হতে হবে। নিজের সিদ্ধান্ত নিজেকেই নিতে হবে এবং দায়িত্বশীল ও সিরিয়াস হতে হবে। প্রতিদিন নিয়মিত অধ্যয়নই একজন শিক্ষার্থীর সাফল্যের মূল চাবিকাঠি।
যেকোনো সমস্যা দেখা দিলে প্রথমে বিভাগের ছাত্র উপদেষ্টা, বিভাগীয় প্রধান, ডিনসহ সংশ্লিষ্ট দায়িত্বশীল ব্যক্তিদের অবহিত করার আহ্বান জানিয়ে তিনি বলেন, এসব মাধ্যমে সমাধান না হলে প্রয়োজনে শিক্ষার্থীরা সরাসরি তার সঙ্গেও যোগাযোগ করতে পারবেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন।
বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. রিজাউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. জসিম উদ্দিন, লাইব্রেরি প্রশাসক অধ্যাপক মুহ. মিজানুর রহমান, বাংলা বিভাগের শিক্ষকবৃন্দ এবং বিপুলসংখ্যক শিক্ষার্থী।


























