সিলেটের নতুন ডিসি রেজা হাসান
- আপডেট সময় : ০৯:৫৫:২৭ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬
- / 30
সিলেট জেলার নতুন জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ পেয়েছেন কুমিল্লার বর্তমান জেলা প্রশাসক মো. রেজা হাসান।
রোববার (২৮ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। সিনিয়র সহকারী সচিব মো. ইসমাইল হোসেন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাষ্ট্রপতির আদেশক্রমে জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
বিসিএস ২৯তম ব্যাচের কর্মকর্তা মো. রেজা হাসান বর্তমানে কুমিল্লার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করছেন। নতুন আদেশ অনুযায়ী তিনি সিলেটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন।
এর আগে গত ২১ জুন জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক পৃথক প্রজ্ঞাপনে সিলেটের তৎকালীন জেলা প্রশাসক মো. সারওয়ার আলমকে দায়িত্ব থেকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে উপসচিব হিসেবে সংযুক্ত করা হয়। সিনিয়র সহকারী সচিব জেতী প্রু স্বাক্ষরিত ওই আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়েছিল।
সারওয়ার আলমের প্রত্যাহারের পর জেলা প্রশাসকের পদ শূন্য থাকায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পিংকি সাহা ভারপ্রাপ্ত জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
উল্লেখ্য, ২০২৫ সালের ১৮ আগস্ট মো. সারওয়ার আলমকে সিলেটের জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করে। একই বছরের ২১ আগস্ট তিনি আনুষ্ঠানিকভাবে সিলেটের জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

























