সভাপতি বিধান রঞ্জন দে, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম
বড়লেখা উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন
- আপডেট সময় : ০৫:২৪:৪৫ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬
- / 37
মৌলভীবাজারের বড়লেখা উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচন শান্তিপূর্ণ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। শনিবার (২৭ জুন) বড়লেখা বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে অনুষ্ঠিত এ নির্বাচনে শিক্ষকরা স্বতঃস্ফূর্তভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোটগ্রহণ শেষে বিভিন্ন পদের ফলাফল ঘোষণা করা হয়।
নির্বাচনে সভাপতি পদে ঈদগাহ্ বাজার বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিধান রঞ্জন দে ২১৫ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী সিদ্দেক আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল জলিল পান ১২৩ ভোট।
সহ-সভাপতি (দ্বিতীয়) পদে ছোটলিখা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক অজয় চন্দ্র দাস ১৯২ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী টেকাহালী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কবির আহমদ পান ১৪৫ ভোট।
সাধারণ সম্পাদক পদে দক্ষিণভাগ নবীন চন্দ্র মেমোরিয়াল (এনসিএম) উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. সাইফুল ইসলাম ১৮৫ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বড়লেখা বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. জিল্লুর রহমান পান ১৫৪ ভোট।
সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সাংগঠনিক সম্পাদক পদে হাজী সামছুল হক আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. আব্দুর রহমান ১৭১ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ফকির বাজার উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. বাবলু হোসেন পান ১৬৭ ভোট। মাত্র চার ভোটের ব্যবধানে এ পদের ফল নির্ধারিত হয়।
অর্থ সম্পাদক পদে গল্লাসাঙ্গন উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. জাকারিয়া হোসাইন ২১২ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী কাঠালতলী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. এবাদুর রহমান পান ১২৭ ভোট।
এছাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির অন্যান্য পদে প্রার্থীরা সমঝোতার ভিত্তিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় (সিলেকশনের মাধ্যমে) নির্বাচিত হয়েছেন।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি ও ইটাউরী হাজী ইউনুছ মিয়া মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. এনাম উদ্দিন। প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন বড়লেখা বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মইনুল ইসলাম। সহকারী প্রিজাইডিং অফিসার ছিলেন মো. হেলাল উদ্দিন ও মো. আব্দুল হামিদ। পোলিং অফিসারের দায়িত্ব পালন করেন আক্তার হামিদ, মো. জাকারিয়া আহমদ, আব্দুল হামিদ ও সঞ্জয় টিকাদার।
নির্বাচনে প্রিজাইডিং অফিসার ও বড়লেখা বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মইনুল ইসলাম জানান, সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। শিক্ষকরা অত্যন্ত উৎসাহ ও শৃঙ্খলার সঙ্গে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। নির্বাচনের সার্বিক পরিবেশ ছিল শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ, যা শিক্ষক সমাজের গণতান্ত্রিক চর্চার একটি ইতিবাচক দৃষ্টান্ত।
নির্বাচনের ফলাফল ঘোষণার পর বিজয়ী প্রার্থীদের অভিনন্দন জানাতে শিক্ষক-কর্মকর্তা ও শুভানুধ্যায়ীদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। সামাজিক যোগাযোগমাধ্যমেও নবনির্বাচিত শিক্ষক নেতাদের অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে অসংখ্য বার্তা প্রকাশিত হচ্ছে। শিক্ষক নেতারা সমিতির মর্যাদা অক্ষুণ্ন রেখে শিক্ষকদের পেশাগত স্বার্থ, অধিকার এবং শিক্ষা ব্যবস্থার উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।























