বড়লেখার খাসিয়াপুঞ্জিতে অসহায় পরিবারের মাঝে ছাগল ও ঢেউটিন বিতরণ
- আপডেট সময় : ০১:৩৪:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
- / 48
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার ৭ নম্বর খাসিয়াপুঞ্জিতে অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ছাগল ও ঢেউটিন বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্প এবং লুমডনবক ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের উদ্যোগে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ১০টি অসহায় পরিবারের মধ্যে একটি করে ছাগল এবং আরও ১০টি হতদরিদ্র পরিবারের মধ্যে ১০ পিস করে ঢেউটিন বিতরণ করা হয়।
আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা কম্প্যাশন ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় পরিচালিত মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্প দীর্ঘদিন ধরে চা-বাগান, পাহাড়ি ও সমতল অঞ্চলের সুবিধাবঞ্চিত শিশু-কিশোর ও যুবকদের শিক্ষা, স্বাস্থ্যসেবা, সুরক্ষা এবং জীবনমান উন্নয়নে কাজ করে আসছে।
প্রকল্পের ম্যানেজার টারজান পাপাংয়ের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমিনুল হক। বিশেষ অতিথি ছিলেন প্রকল্পের সভাপতি (সিপিও) প্রবিনসন সুছিয়াং।

প্রধান অতিথির বক্তব্যে আমিনুল হক বলেন, স্থানীয় জনগণের সুখ-দুঃখে পাশে থাকা জনপ্রতিনিধিদের দায়িত্ব। সুবিধাবঞ্চিত ও দরিদ্র পরিবারের জন্য ছাগল ও ঢেউটিন বিতরণের মতো মানবিক উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। তিনি এ উদ্যোগের জন্য সংশ্লিষ্ট সংস্থাগুলোকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনার প্রত্যাশা ব্যক্ত করেন।
তিনি আরও বলেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠার মূল লক্ষ্য হলো শিশু-কিশোরদের শিক্ষার সুযোগ নিশ্চিত করা এবং তাদের সুশিক্ষিত ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলা।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, প্রকল্পের কর্মকর্তা-কর্মচারী এবং উপকারভোগীরা উপস্থিত ছিলেন।
























