সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায়
হাজীগঞ্জ বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি পদে প্রার্থীতা ঘোষণা পারুলের
- আপডেট সময় : ০৭:০৬:৫৫ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬
- / 83
বড়লেখার ঐতিহ্যবাহী হাজীগঞ্জ বাজার বণিক সমিতির আসন্ন নির্বাচনে সভাপতি পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন হাজীগঞ্জ বাজারের ব্যবসায়ী ও মেসার্স আদনান বিল্ডিং মেটেরিয়ালসের স্বত্বাধিকারী ফখরুল ইসলাম পারুল।
তিনি শনিবার (২০ জুন) বিকেলে পৌর শহরের ইয়াম্মী রেস্টুরেন্টে বড়লেখা প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেন।
মতবিনিময় সভায় ফখরুল ইসলাম পারুল বলেন, দীর্ঘদিন ধরে তিনি হাজীগঞ্জ বাজারে ব্যবসা করে আসছেন। সম্প্রতি তিনি যুক্তরাষ্ট্র ও কানাডা সফর শেষে দেশে ফিরেছেন। দেশে ফেরার পর বাজারের ব্যবসায়ী ও শুভানুধ্যায়ীদের কাছ থেকে আসন্ন হাজীগঞ্জ বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি পদে প্রার্থী হওয়ার ব্যাপারে ব্যাপক উৎসাহ ও সমর্থন পেয়েছেন। তাদের অনুরোধ ও প্রত্যাশার প্রতি সম্মান জানিয়ে তিনি নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছেন।
এসময় তিনি ব্যবসায়ী ও সর্বস্তরের মানুষের দোয়া ও সহযোগিতা কামনা করে বলেন, দীর্ঘদিন ধরে হাজীগঞ্জ বণিক সমিতির নির্বাচন হয়নি। ফলে বাজারের দীর্ঘদিনের বিভিন্ন সমস্যার কার্যকর সমাধান হচ্ছে না। নির্বাচিত হলে ব্যবসায়ীসহ সংশ্লিষ্ট সকলকে সঙ্গে নিয়ে বাজারের সমস্যা চিহ্নিত করে সমাধানের উদ্যোগ নেবেন। এছাড়া ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করা, বাজারের অবকাঠামোগত উন্নয়ন এবং আধুনিক ও ব্যবসাবান্ধব পরিবেশ গড়ে তোলাকে অগ্রাধিকার দেবেন। ব্যক্তিগত স্বার্থ নয়, ব্যবসায়ীদের কল্যাণে তিনি নিরলসভাবে কাজ করবেন। দীর্ঘদিন ধরে তিনি বাজারের ব্যবসায়ীদের সুখ-দুঃখ, সমস্যা ও সম্ভাবনার সঙ্গে নিজেকে সম্পৃক্ত রেখেছেন। একজন সহযোদ্ধা ও আপনজন হিসেবে সবসময় ব্যবসায়ীদের পাশে থাকার চেষ্টা করেছেন এবং ভবিষ্যতেও সেই ধারা অব্যাহত রাখতে চান।
সভায় ব্যবসায়ী ফখরুল ইসলাম পারুলের প্রার্থীতা ঘোষণাকে স্বাগত জানিয়ে বক্তব্য দেন হক ব্রাদার্সের স্বত্বাধিকারী মো. নাজমুল হক, সমছু ব্রাদার্সের মো. জুনেদ আহমদ এবং এ আলী ট্রেডার্সের মো. নূর-এ আলম কামরান। এসময় তারা বলেন, ফখরুল ইসলাম পারুল বড়লেখার একজন পরিচ্ছন্ন, সৎ ও সুপরিচিত ব্যবসায়ী। ব্যবসার পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে আসছেন। তারা আশা প্রকাশ করেন, নির্বাচিত হলে তিনি বাজারের দীর্ঘদিনের সমস্যা সমাধানে কার্যকর ভূমিকা রাখবেন। এ লক্ষ্যে তাকে বিজয়ী করতে ব্যবসায়ীসহ সংশ্লিষ্টদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।
মতবিনিময় সভায় বড়লেখা প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুর রব, সহসভাপতি ইকবাল হোসেন স্বপন ও খলিলুর রহমান, কোষাধ্যক্ষ সুলতান আহমদ খলিল, দপ্তর সম্পাদক এ.জে লাভলু, সদস্য মস্তফা উদ্দিন, আজাদ বাহার জামালি, হানিফ পারভেজ, আশফাক আহমদ, ফয়ছল মাহমুদ, সিরাজুল ইসলাম রিপন ও রেদওয়ান আহমদ রুম্মান প্রমুখ উপস্থিত ছিলেন।
ষাটমাকণ্ঠ /আশফাক























