সংবাদ শিরোনাম ::
৯২ বছর অপরাজিত ব্রাজিল বনাম উদ্বোধনী ম্যাচ না জেতা মরক্কো
ষাটমাকন্ঠ ডেস্ক
- আপডেট সময় : ০৮:১৭:৪০ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬
- / 39
বিশ্বকাপের প্রথম ম্যাচে পরাজয় কেমন স্বাদ, তা ব্রাজিল দল শেষবার টের পেয়েছিল আজ থেকে ঠিক ৯২ বছর আগে, ১৯৩৪ সালের ইতালি বিশ্বকাপে! সেবার স্পেনের কাছে ৩-১ ব্যবধানে হেরেছিল তারা। এরপর কেটে গেছে প্রায় এক শতাব্দী, কিন্তু বিশ্বকাপের নিজেদের প্রথম ম্যাচে আর কখনো হারের মুখ দেখেনি সাম্বা বয়রা।
গত ৯২ বছরে খেলা ১৮টি উদ্বোধনী ম্যাচের ১৫টিতেই জিতেছে ব্রাজিল, ড্র হয়েছে বাকি ৩টি। সব মিলিয়ে বিশ্বকাপের ২২টি অভিষেক ম্যাচের মধ্যে সেলেসাওদের জয় ১৭টিতে, ড্র ৩টি আর হার মাত্র ২টি।
জয় (১৭টি): পোল্যান্ড (১৯৩৮), মেক্সিকো (১৯৫০, ১৯৫৪, ১৯৬২), অস্ট্রিয়া (১৯৫৮), বুলগেরিয়া (১৯৬৬), চেকোস্লোভাকিয়া (১৯৭০), সোভিয়েত ইউনিয়ন (১৯৮২), স্পেন (১৯৮৬), সুইডেন (১৯৯০), রাশিয়া (১৯৯৪), স্কটল্যান্ড (১৯৯৮), তুরস্ক (২০০২), ক্রোয়েশিয়া (২০০৬, ২০১৪), উত্তর কোরিয়া (২০১০), সার্বিয়া (২০২২)।
ড্র (৩টি): যুগোস্লাভিয়া (১৯৭৪), সুইডেন (১৯৭৮), সুইজারল্যান্ড (২০১৮)।
হার (২টি): যুগোস্লাভিয়া (১৯৩০), স্পেন (১৯৩৪)।
ব্রাজিলের ঠিক বিপরীত চিত্র মরক্কো শিবিরে। বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ জয় করা যেন তাদের কাছে এক দুর্ভেদ্য দেয়াল। এ পর্যন্ত বিশ্বকাপে ৬ বার অংশ নিয়ে উদ্বোধনী ম্যাচে ৩টি ড্র (পোল্যান্ড, নরওয়ে ও ক্রোয়েশিয়া) এবং ৩টি হার (পশ্চিম জার্মানি, বেলজিয়াম ও ইরান) জুটেছে আফ্রিকান লায়ন্সদের কপালে। প্রথম ম্যাচে তাদের সাফল্যের হার মাত্র ১৬.৭ শতাংশ।
এক নজরে বিশ্বকাপে মরক্কোর অভিষেক ম্যাচের ইতিহাস:
হার (৩টি): পশ্চিম জার্মানি (১৯৭০), বেলজিয়াম (১৯৯৪), ইরান (২০১৮)।
ড্র (৩টি): পোল্যান্ড (১৯৮৬), নরওয়ে (১৯৯৮), ক্রোয়েশিয়া (২০২২)।
নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে বাংলাদেশ সময় আজ ভোর ৪টায় মুখোমুখি হবে এই দুই দল। গ্রুপ পর্বে ব্রাজিল ও মরক্কো ছাড়াও খেলছে হাইতি এবং স্কটল্যান্ড। একদিকে প্রায় ১০০ বছরের অপরাজেয় রেকর্ড ধরে রাখার মিশন, অন্যদিকে মরক্কোর দীর্ঘদিনের জয়হীনতার গেরো ভাঙার লড়াই, সব মিলিয়ে এক রোমাঞ্চকর দ্বৈরথের অপেক্ষায় ফুটবল বিশ্ব।























