পুলিশ সদস্যের সাহসিকতায় বড় দুর্ঘটনা থেকে বাঁচলো কোম্পানীগঞ্জ বাজার
- আপডেট সময় : ১১:৩৮:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬
- / 7
কুমিল্লার কোম্পানীগঞ্জ বাজারে দাঁড়িয়ে থাকা একটি বাসে আকস্মিক অগ্নিকাণ্ডের ঘটনায় ৭ এপিবিএন-এর সাহসী পুলিশ সদস্য হাসান আহমেদের তাৎক্ষণিক পদক্ষেপ ও স্থানীয় জনতার সম্মিলিত প্রচেষ্টায় রক্ষা পেয়েছে পুরো বাজার এলাকা। তার দ্রুত সিদ্ধান্ত ও মানবিক দায়িত্ববোধের কারণে এ যাত্রায় বড় ধরনের দুর্ঘটনা ও ভয়াবহ ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে।
ঘটনাটি ঘটে গত শুক্রবার (২২ মে ২০২৬) বিকেল আনুমানিক ৪টার দিকে। প্রত্যক্ষদর্শীরা জানান, বাজারসংলগ্ন এলাকায় দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী বাসে হঠাৎ আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যে আগুনের শিখা ছড়িয়ে পড়তে শুরু করলে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় উপস্থিত অনেকেই ঘটনাটি মোবাইল ফোনে ভিডিও করতে ব্যস্ত হয়ে পড়েন।
ঠিক তখনই ডিউটিরত ৭ এপিবিএন সদস্য হাসান আহমেদ পরিস্থিতির ভয়াবহতা বুঝতে পেরে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। কোনো ধরনের ঝুঁকির কথা চিন্তা না করে তিনি রাস্তার কাদামাটি ও আশপাশে জমে থাকা পানি ব্যবহার করে আগুন নেভানোর কাজ শুরু করেন। একই সঙ্গে তিনি উপস্থিত জনতাকে সহযোগিতার আহ্বান জানিয়ে বলতে থাকেন, “কাদামাটি দিন, পানি দিন, সবাই হেল্প করুন।” তার সাহসী আহ্বানে সাড়া দিয়ে স্থানীয় দোকানি, পথচারী ও আশপাশের লোকজন এগিয়ে আসেন। সবাই মিলে নিরলস চেষ্টা চালিয়ে প্রায় ২০ মিনিটের মধ্যে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
স্থানীয় ব্যবসায়ীরা জানান, সময়মতো আগুন নিয়ন্ত্রণে আনা না গেলে আগুন পাশের দোকানপাট এবং বাজারের ওপর দিয়ে যাওয়া ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইনে ছড়িয়ে পড়তে পারত। সেক্ষেত্রে পুরো বাজার ভয়াবহ অগ্নিকাণ্ডের কবলে পড়ত এবং কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হওয়ার আশঙ্কা ছিল।
স্থানীয়দের ভাষ্য, পুলিশ সদস্য হাসান আহমেদের উপস্থিত বুদ্ধি, সাহসিকতা ও দায়িত্বশীল ভূমিকার কারণেই বড় ধরনের প্রাণহানি ও সম্পদের ক্ষতি থেকে রক্ষা পেয়েছে কোম্পানীগঞ্জ বাজার।
ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর থেকেই প্রশংসায় ভাসছেন এই সাহসী পুলিশ সদস্য। নেটিজেনরা তার মানবিকতা, সাহস ও দায়িত্ববোধের ভূয়সী প্রশংসা করছেন।
জানা গেছে, হাসান আহমেদ মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের কচুরগুল গ্রামের কৃতি সন্তান। তার এই সাহসিকতায় মুগ্ধ হয়ে জুড়ী উপজেলার বিশিষ্ট সমাজসেবক ও লন্ডন প্রবাসী “সৈয়দ সিরাজ আলেয়া ফাউন্ডেশন”-এর চেয়ারম্যান জনাব সৈয়দ জাহেদ আহমেদ তাকে পুরস্কৃত করার ঘোষণা দিয়েছেন।
এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং স্থানীয়রা পুলিশ সদস্য হাসান আহমেদের এই মানবিক ও সাহসী ভূমিকার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

























