কুলাউড়ায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন
- আপডেট সময় : ০১:৩৯:৪০ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬
- / 20
মৌলভীবাজারের কুলাউড়ায় নানা আয়োজনের মধ্য দিয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে বুধবার (২০ মে) দুপুরে কুলাউড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা এবং সচেতনতামূলক মহড়ার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের সংসদ সদস্য মো. শওকতুল ইসলাম। তিনি তাঁর বক্তব্যে বলেন, “দুর্যোগ মোকাবেলায় ফায়ার সার্ভিসের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগুন, দুর্ঘটনা কিংবা যেকোনো প্রাকৃতিক দুর্যোগে মানুষের জীবন ও সম্পদ রক্ষায় ফায়ার সার্ভিস সদস্যরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। জনসচেতনতা বৃদ্ধি পেলে দুর্ঘটনার ঝুঁকি অনেকাংশে কমে আসবে।”
কুলাউড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ছিদ্দিকুল আলমের সভাপতিত্বে এবং লিডার মো. ফেরদৌস মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা আক্তার।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি নেতা সরওয়ার আলম বেলাল, মো. মোক্তার, সিরাজুল ইসলাম রাজু, রাজন আহমদ, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল বারী সুহেল, সাংবাদিক মহি উদ্দিন রিপন, ইব্রাহিম আলীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
সভায় অগ্নিকাণ্ড প্রতিরোধ, দুর্যোগ ব্যবস্থাপনা, ভূমিকম্পকালীন করণীয় এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়। একইসঙ্গে ফায়ার সার্ভিসের সদস্যরা বিভিন্ন উদ্ধার কার্যক্রম ও অগ্নিনির্বাপণ বিষয়ক মহড়া প্রদর্শন করেন।
এর আগে ফায়ার সার্ভিস স্টেশন প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রায় ফায়ার সার্ভিসের সদস্য, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।

























