সন্ধ্যায় বঙ্গভবনে শপথ নেবেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল
- আপডেট সময় : ০৫:১৯:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬
- / 39
দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে আজ শুক্রবার (২১ আগস্ট) শপথ নেবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে আনুষ্ঠানিকভাবে তাঁর শপথগ্রহণ অনুষ্ঠিত হবে। নবনির্বাচিত রাষ্ট্রপতিকে শপথ পাঠ করাবেন জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
শপথ অনুষ্ঠানে বিদায়ী রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার, প্রধান বিচারপতি, সাবেক রাষ্ট্রপতিগণ, মন্ত্রিসভার সদস্য, বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিক, উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত থাকবেন।
এদিকে, রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানকে কেন্দ্র করে শুক্রবার বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত বঙ্গভবন ও এর আশপাশের এলাকায় যানবাহন চলাচলে কিছু নির্দেশনা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। তবে বঙ্গভবনে শপথ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের যানবাহনের ক্ষেত্রে এসব নির্দেশনা প্রযোজ্য হবে না।
এর আগে বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনের লক্ষ্যে জাতীয় সংসদের অধিবেশন কক্ষে দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে প্রধান নির্বাচনী কর্মকর্তা ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন রাষ্ট্রপতি পদে বিজয়ী হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম ঘোষণা করেন।
নির্বাচনে মোট ৩৪৯টি ভোটের মধ্যে ৩৪৩টি ভোট পড়ে। বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫ ভোট পেয়ে বিজয়ী হন। তাঁর একমাত্র প্রতিদ্বন্দ্বী ১১-দলীয় ঐক্যের প্রার্থী ও লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট।
বাংলাদেশের সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতি দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে অধিষ্ঠিত। সংবিধানে রাষ্ট্রপতিকে রাষ্ট্রের অন্য সব ব্যক্তির ঊর্ধ্বে স্থান দেওয়া হয়েছে এবং রাষ্ট্রের আনুষ্ঠানিক কার্যক্রম রাষ্ট্রপতির নামে পরিচালিত হয়।
এর আগে গত ২৪ জুলাই ব্যক্তিগত স্বাস্থ্যগত কারণ দেখিয়ে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেন। সংবিধান অনুযায়ী নতুন রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত স্পিকার হাফিজ উদ্দিন আহমদ রাষ্ট্রপতির কার্যালয়ের কার্যভার গ্রহণ করেন। এ সময় ডেপুটি স্পিকার কায়সার কামাল ভারপ্রাপ্ত স্পিকারের দায়িত্ব পালন করেন।
আজ শপথগ্রহণের মধ্য দিয়ে রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন।
























