শপিংমল, মার্কেট ও দোকান রাত ৮টার মধ্যে বন্ধের নির্দেশ
- আপডেট সময় : ১০:২৫:১৫ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬
- / 46
বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে দেশের বিভিন্ন শপিংমল, মার্কেট ও দোকান রাত ৮টার মধ্যে বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। বিদ্যুৎ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়েছে।
বিদ্যুৎ বিভাগের সমন্বয়-২ শাখার উপসচিব মো. মামুন ভূঁইয়া স্বাক্ষরিত এক স্মারকে জানানো হয়, আগামী ১২ আগস্ট ২০২৬ থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দেশের বিভিন্ন শপিংমল, মার্কেট ও দোকানপাট সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা রাখা যাবে।
নির্দেশনায় আরও বলা হয়েছে, সব ধরনের আলোকিত বিলবোর্ড সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ করতে হবে এবং সব ধরনের আলোকসজ্জাও বন্ধ রাখতে হবে। পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্তে চলমান ও অনুষ্ঠিতব্য মেলা, বাণিজ্য মেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান রাত ৮টার মধ্যে বন্ধ রাখার জন্য সংশ্লিষ্টদের অনুরোধ করা হয়েছে।
তবে খাবারের দোকান, হাসপাতাল এবং ওষুধের দোকান এ নির্দেশনার আওতামুক্ত থাকবে।
বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, চলমান বিদ্যুৎ পরিস্থিতি বিবেচনায় বিদ্যুৎ সাশ্রয় ও সুষ্ঠু ব্যবস্থাপনার লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে নির্দেশনা বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
























