ঝালকাঠির ভাসমান পেয়ারা হাটে মার্কিন রাষ্ট্রদূত
- আপডেট সময় : ০৭:৩৮:১০ পূর্বাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬
- / 67
ঝালকাঠির ভীমরুলি এলাকার ঐতিহ্যবাহী ভাসমান পেয়ারা হাট ও স্থানীয় পেয়ারা বাগান পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন।
রোববার সকাল ৯টার দিকে ভীমরুলিতে পৌঁছালে স্থানীয় পেয়ারা চাষিরা তাঁকে স্বাগত জানান। এ সময় চাষিদের সঙ্গে কথা বলেন রাষ্ট্রদূত এবং তাঁদের সঙ্গে সেলফিও তোলেন।
পরে ডিঙি নৌকা ও ট্রলারে করে ভাসমান পেয়ারা হাট ঘুরে দেখেন তিনি। এ সময় স্থানীয় নৌকাভিত্তিক জীবনযাত্রা সম্পর্কে খোঁজখবর নেওয়ার পাশাপাশি চাষি ও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন। পেয়ারা উৎপাদন, বাজারজাতকরণ ও স্থানীয় বাণিজ্য নিয়েও তাঁদের সঙ্গে আলোচনা করেন রাষ্ট্রদূত। এ সময় জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ভীমরুলি দেশের অন্যতম পরিচিত ভাসমান পেয়ারা বাজার। বর্ষা মৌসুমে খালের ওপর ডিঙি নৌকা ও অন্যান্য নৌযানে বসে এখানে পেয়ারা কেনাবেচা হয়। ঐতিহ্যবাহী এই হাট ও আশপাশের পেয়ারা বাগান দেখতে বর্ষায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকেরা ভিড় করেন।
এর আগে ২০১৯ সালে তৎকালীন মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার ভীমরুলির ভাসমান পেয়ারা হাট পরিদর্শন করেছিলেন।
























