আইসিসিআর স্টুডেন্ট ভিজিটরস প্রোগ্রাম
বারাণসী সফরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, বিএইচইউ’র সঙ্গে একাডেমিক সহযোগিতা নিয়ে আলোচনা
- আপডেট সময় : ১০:৩১:০৫ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬
- / 53
ভারতীয় সাংস্কৃতিক সম্পর্ক পরিষদ (আইসিসিআর)-এর স্টুডেন্ট ভিজিটরস প্রোগ্রামের আওতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটের ২৫ জন হিন্দি ভাষা শিক্ষার্থীর একটি প্রতিনিধিদল ভারতের বারাণসীতে শিক্ষাগত ও সাংস্কৃতিক সফর সম্পন্ন করেছে।
সফরের অংশ হিসেবে শিক্ষার্থীরা বারাণসীর ঐতিহাসিক ও সাংস্কৃতিক ঐতিহ্যের সঙ্গে পরিচিত হতে অলকানন্দা প্রমোদতরীতে ভ্রমণ করেন। এ সময় তারা গঙ্গা তীরবর্তী বিভিন্ন ঐতিহাসিক স্থাপনা পরিদর্শন এবং ঐতিহ্যবাহী ধর্মীয় ও সাংস্কৃতিক আচার-অনুষ্ঠান প্রত্যক্ষ করেন। এর মাধ্যমে বারাণসীর ইতিহাস, সংস্কৃতি ও আধ্যাত্মিক ঐতিহ্য সম্পর্কে বাস্তবভিত্তিক ধারণা লাভ করেন তারা।

সফরের একাডেমিক পর্বে প্রতিনিধিদলটি বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের (বিএইচইউ) হিন্দি বিভাগ পরিদর্শন করে। সেখানে বিভাগের প্রধান অধ্যাপক রাজকুমারসহ ভাষাবিষয়ক বিশেষজ্ঞদের সঙ্গে হিন্দি ভাষা শিক্ষার আধুনিক পদ্ধতি, গবেষণা এবং ভাষা শিক্ষার বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় অনুষ্ঠিত হয়।
এছাড়া প্রতিনিধিদলটি বিএইচইউ’র উপাচার্যের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে। বৈঠকে ভবিষ্যতে ঢাকা বিশ্ববিদ্যালয় ও বিএইচইউ’র মধ্যে একাডেমিক সহযোগিতা, যৌথ গবেষণা কার্যক্রম এবং শিক্ষার্থী বিনিময় কর্মসূচি সম্প্রসারণের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।
সংশ্লিষ্টরা জানান, আইসিসিআরের স্টুডেন্ট ভিজিটরস প্রোগ্রামের লক্ষ্য দক্ষিণ এশিয়ার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে একাডেমিক যোগাযোগ জোরদার করা, আন্তঃসাংস্কৃতিক বোঝাপড়া বৃদ্ধি এবং তরুণ শিক্ষার্থীদের মধ্যে নেতৃত্ব ও আন্তর্জাতিক সহযোগিতার মানসিকতা গড়ে তোলা।
এই সফর ভারত ও বাংলাদেশের উচ্চশিক্ষা খাতে পারস্পরিক সহযোগিতা ও সাংস্কৃতিক বিনিময় আরও শক্তিশালী করতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।
























