জাহানারা ইমামকে নিয়ে কটূক্তির নিন্দা, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি ছাত্র ইউনিয়নের
- আপডেট সময় : ০৪:২৩:০২ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬
- / 18
শহীদ জননী জাহানারা ইমামকে নিয়ে অবমাননাকর ও কুরুচিপূর্ণ বক্তব্যের তীব্র নিন্দা জানিয়ে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। একই সঙ্গে স্বাধীনতাবিরোধী ও সাম্প্রদায়িক রাজনীতির পুনর্বাসনের সব ধরনের প্রচেষ্টা রুখে দিতে রাষ্ট্র, রাজনৈতিক দল, ছাত্রসমাজ ও সর্বস্তরের জনগণের প্রতি ঐক্যবদ্ধ ভূমিকা পালনের আহ্বান জানিয়েছে সংগঠনটি।
সোমবার (২৯ জুন) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সভাপতি তামজীদ হায়দার চঞ্চল ও সাধারণ সম্পাদক শিমুল কুম্ভকার এ আহ্বান জানান।
বিজ্ঞপ্তিতে নেতৃবৃন্দ বলেন, শহীদ জননী জাহানারা ইমামকে নিয়ে কটূক্তি করা শুধু একজন ব্যক্তিকে অসম্মান নয়; এটি মুক্তিযুদ্ধ, মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগ এবং স্বাধীন বাংলাদেশের চেতনাকে অবমাননার শামিল। তাদের ভাষ্য, জাহানারা ইমাম বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনা, যুদ্ধাপরাধীদের বিচারের আন্দোলন এবং অসাম্প্রদায়িক বাংলাদেশের সংগ্রামের এক অবিস্মরণীয় প্রতীক। তাঁকে নিয়ে অবমাননাকর বক্তব্য মূলত মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির অপচেষ্টা।
সংগঠনটির দাবি, স্বাধীনতাবিরোধী রাজনৈতিক ধারার আদর্শিক অবস্থানের মৌলিক কোনো পরিবর্তন ঘটেনি। সুযোগ পেলেই তারা মুক্তিযুদ্ধের ইতিহাস, জাতীয় বীর এবং গণতান্ত্রিক মূল্যবোধের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

নেতৃবৃন্দ আরও বলেন, স্বাধীনতাবিরোধী, সাম্প্রদায়িক ও মুক্তিযুদ্ধবিরোধী রাজনীতির বিরুদ্ধে রাষ্ট্র ও সমাজকে সুস্পষ্ট অবস্থান নিতে হবে। এ ধরনের রাজনীতি নিষিদ্ধ করার লক্ষ্যে কার্যকর রাজনৈতিক ও আইনগত উদ্যোগ গ্রহণ সময়ের দাবি বলেও তারা মন্তব্য করেন।
বাংলাদেশ ছাত্র ইউনিয়ন দেশের সকল প্রগতিশীল ছাত্রসংগঠন, গণতান্ত্রিক রাজনৈতিক শক্তি এবং সচেতন নাগরিকদের মুক্তিযুদ্ধের চেতনা, অসাম্প্রদায়িকতা, গণতন্ত্র ও মানবিক মূল্যবোধ রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানায়। পাশাপাশি, স্বাধীনতাবিরোধী অপশক্তির যেকোনো অপতৎপরতা ছাত্র-জনতার ঐক্যবদ্ধ গণপ্রতিরোধের মাধ্যমে মোকাবিলার আহ্বানও জানানো হয়।
সংগঠনটি তাদের বিবৃতিতে পুনর্ব্যক্ত করে, মুক্তিযুদ্ধের চেতনা, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা ও সামাজিক ন্যায়বিচারের ভিত্তিতেই একটি বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠা সম্ভব এবং সেই লক্ষ্য অর্জনে স্বাধীনতাবিরোধী সকল অপশক্তির বিরুদ্ধে তাদের সংগ্রাম অব্যাহত থাকবে।



















