এস আলম-বেক্সিমকোর সম্পদ জাতীয়করণের দাবি নাহিদ ইসলামের
- আপডেট সময় : ০৫:৪২:৫১ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬
- / 16
বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম দেশ থেকে অর্থ পাচারের অভিযোগে আলোচিত এস আলম, বেক্সিমকোসহ কয়েকটি বড় শিল্পগোষ্ঠীর সম্পদ জাতীয়করণের দাবি জানিয়েছেন। একই সঙ্গে পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনতে নতুন আইন প্রণয়নেরও আহ্বান জানান তিনি।
রোববার (২৮ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, “দেশের টাকা লুটপাটকারী ও গণহত্যাকারীদের অপরাধ একই ধরনের। এস আলম, বেক্সিমকো, ওরিয়ন কিংবা নাসা গ্রুপের মতো যেসব প্রতিষ্ঠান দেশ থেকে অর্থ পাচার করেছে, বিদ্যমান আইনে তাদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া সম্ভব নয়। তাই তাদের সব সম্পদ অবিলম্বে জাতীয়করণ করতে হবে এবং পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনতে নতুন আইন প্রণয়ন করতে হবে।”
প্রস্তাবিত বাজেটকে “ভঙ্গুর অর্থনীতির প্রচারণার দলিল” আখ্যা দিয়ে তিনি বলেন, স্বাধীনতার পর রাষ্ট্রীয় বিভিন্ন খাতের দলীয়করণ ও দখলদারিত্বের কারণে ১৯৭৪ সালে দুর্ভিক্ষ সৃষ্টি হয়েছিল। পরবর্তীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মুক্তবাজার অর্থনীতি ও মাঝারি শিল্পের বিকাশের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টির উদ্যোগ নিয়েছিলেন। তবে বর্তমান বাজেটে সেই ধরনের উৎপাদনমুখী অর্থনৈতিক পরিকল্পনার প্রতিফলন নেই বলে মন্তব্য করেন তিনি।
সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির সমালোচনা করে নাহিদ ইসলাম বলেন, “ফ্যামিলি কার্ড শুধু ভোগের চাহিদা সৃষ্টি করছে, কিন্তু উৎপাদন বা বিনিয়োগমুখী চাহিদা তৈরি করতে পারছে না। মানুষ এই অর্থ দিয়ে মূলত ভারতীয় বা চীনা পণ্য কিনবে, যা মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি দেশকে আরও আমদানিনির্ভর করে তুলবে।” এর পরিবর্তে তরুণদের দক্ষতা উন্নয়ন, প্রশিক্ষণ এবং সহজ শর্তে ঋণের মাধ্যমে উৎপাদন খাতে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
সাম্প্রতিক সীমান্ত পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন এনসিপির আহ্বায়ক। তিনি বলেন, সীমান্তে বিএসএফের গুলিতে ১০ বাংলাদেশি নিহত হয়েছেন। পাশাপাশি পশ্চিমবঙ্গের এক রাজনৈতিক নেতার বাংলাদেশবিষয়ক মন্তব্যের প্রসঙ্গ টেনে তিনি বলেন, এ ধরনের বক্তব্যের বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে যথাযথ কূটনৈতিক জবাব দেওয়া প্রয়োজন।
























