সালমান শাহর মরদেহ কবর থেকে উত্তোলনের আদেশ বাতিল
- আপডেট সময় : ০৭:৫৫:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
- / 31
বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক সালমান শাহ-এর মৃত্যুর প্রকৃত কারণ অনুসন্ধানে তাঁর মরদেহ কবর থেকে উত্তোলনের পূর্বের আদেশ বাতিল করেছেন আদালত।
মঙ্গলবার (২৩ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানা-এর আদালতে মামলার বাদী মোহাম্মদ আলমগীর কুমকুম মরদেহ উত্তোলনের আদেশ বাতিল চেয়ে আবেদন করেন। শুনানি শেষে আদালত আবেদনটি মঞ্জুর করেন।
এর আগে মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে গত ২৪ মে একই আদালত সালমান শাহর মরদেহ কবর থেকে উত্তোলনের অনুমতি দিয়েছিলেন। সর্বশেষ আদালতের আদেশের মাধ্যমে সেই সিদ্ধান্ত বাতিল করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী আবিদ হাসান।
আইনজীবী আবিদ হাসান জানান, সালমান শাহর মৃত্যুর প্রায় তিন দশক পর মরদেহ উত্তোলন করে কার্যকর কোনো আলামত পাওয়ার সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ। পাশাপাশি এ উদ্যোগ ধর্মীয় অনুভূতিতে আঘাত হানতে পারে এবং অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হওয়ার আশঙ্কাও রয়েছে। এসব বিষয় বিবেচনায় নিয়ে আদালতের কাছে আদেশ বাতিলের আবেদন করা হয়।
আবেদনে উল্লেখ করা হয়, সালমান শাহকে হজরত শাহজালাল (রহ.)-এর মাজার প্রাঙ্গণে দাফন করা হয়েছে। ফলে মরদেহ উত্তোলনের উদ্যোগ স্থানীয়ভাবে সংবেদনশীল পরিস্থিতির সৃষ্টি করতে পারে এবং ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগার আশঙ্কা রয়েছে। এছাড়া এ বিষয়ে সালমান শাহর মা নিলুফার জামান চৌধুরী এবং মামলার বাদী আলমগীর কুমকুমও আপত্তি জানিয়েছেন।
শুনানির সময় বাদী আলমগীর কুমকুম আদালতে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রহস্যজনকভাবে মৃত্যুবরণ করেন সালমান শাহ। তাঁর মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে দীর্ঘদিন ধরে নানা বিতর্ক ও জল্পনা-কল্পনা চলে আসছে। প্রায় ২৯ বছর পর, গত ২০ অক্টোবর মধ্যরাতে সালমান শাহর মা নীলা চৌধুরীর পক্ষে তাঁর ভাই আলমগীর কুমকুম রাজধানীর রমনা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলায় সালমান শাহর সাবেক স্ত্রী সামিরা হক, তাঁর মা লতিফা হক লুসি, ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই এবং চলচ্চিত্র-সংশ্লিষ্ট কয়েকজন ব্যক্তিসহ মোট ১১ জনকে আসামি করা হয়েছে। মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে।
























