সিলেটে ৮ দলের বিভাগীয় সমাবেশ
আগামী নির্বাচনে ইসলামী শক্তিই বিজয়ী হবে: জামায়াত আমির
- আপডেট সময় : ০৫:০৮:০৩ অপরাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫
- / 181
ইসলামপন্থীদের অভূতপূর্ব ঐক্যের কথা তুলে ধরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, “আগামী নির্বাচনে জনগণ ইসলামী শক্তিকেই নির্বাচিত করবে।”
শনিবার (৬ ডিসেম্বর) বিকেলে ঐতিহাসিক সিলেট সরকারি আলীয়া মাদরাসা মাঠে জাতীয় নির্বাচনের পূর্বে গণভোট আয়োজন ও পাঁচ দফা দাবিতে জামায়াতসহ সমমনা আট ইসলামী দলের বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। লাখো মানুষের ঢলে সিলেট নগরী পরিণত হয় মিছিলের শহরে।
বিএনপিকে উদ্দেশ করে ডা. শফিকুর রহমান বলেন,
“একটি দল এখনো পুরোনো ধ্যান-ধারণা আঁকড়ে আছে। সংস্কারে রাজি নয়, জুলাই সনদ বাস্তবায়নেও অনাগ্রহী। যারা এতদিন নির্বাচন নিয়ে জাতিকে বিভ্রান্ত করেছে, আজ তারা আবোলতাবোল বলতে শুরু করেছে। জনগণ তাদেরকে লাল কার্ড দেখাতে প্রস্তুত।”
তিনি আরও বলেন, “বাঁকা পথে প্রশাসনিক ক্ষমতা ব্যবহার করে আর কেউ ক্ষমতায় যেতে পারবে না। অতীতের সূর্য বাংলাদেশে আর উঠবে না।”
জামায়াত আমির বলেন, সমমনাভুক্ত আট ইসলামী দলের মধ্যে ‘ইস্পাতকঠিন ঐক্য’ গড়ে উঠেছে। বাইরে থাকা দু’একটি ইসলামী দলকে ফিরে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, “চাঁদাবাজদের সঙ্গে আপনাদের মানায় না। আপনারা আমাদের ভাই-নিজ আঙ্গিনায় ফিরে আসুন, আমরা আপনাদের বুকে জড়িয়ে নেবো।”
সরকার ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বক্তব্য
তিনি অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে দেশের সম্পদ লুটপাট হয়েছে, চাঁদাবাজরা পালিয়ে বেড়াচ্ছে-আরেক দল সেই চাঁদাবাজির দায়িত্ব নিয়েছে।
“নিজেরা নিজেদের কাছেই নিরাপদ নয়-তাদের হাতে দেশ কীভাবে নিরাপদ থাকবে?”-প্রশ্ন তোলেন তিনি।
অন্য নেতাদের বক্তব্য সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মো. রেজাউল করিম বলেন, “৫৪ বছর যারা দেশকে জিম্মি করে রেখেছিল, আজ তারা নিজেরাই নিজেদের কাছে নিরাপদ নয়। জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে। যত ষড়যন্ত্রই হোক, কোনো লাভ হবে না।”
বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেন, “১৭ বছর রাষ্ট্রযন্ত্রের নির্যাতন সহ্য করেও ইসলামপন্থীরা নত হয়নি। জুলাই সনদের বিপক্ষে যারা অবস্থান নেবে, জনগণ তাদের প্রত্যাখ্যান করবে।”
জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এ টি এম মাছুম বলেন, “হত্যা-নিপীড়নের কারিগররা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। কল্যাণ ও মানবিক রাষ্ট্র গড়তে হলে কোরআনের দিকে ফিরে আসতে হবে।”
অন্যান্য বক্তারাও জুলাই সনদ বাস্তবায়ন, গণভোটের দাবি, এবং আসন্ন নির্বাচনে আট দলের প্রার্থীদের বিজয় নিশ্চিত করার আহ্বান জানান।

ভোর থেকেই বিভিন্ন জেলা-উপজেলা থেকে মিছিল আসতে থাকে। পুরো নগরজুড়ে ছিল ঘণ্টার পর ঘণ্টা মিছিলের ঢল। যানবাহন চলাচল কমে গেলেও আলীয়া মাদরাসা মাঠ ও আশপাশের সড়ক মানুষের উপস্থিতিতে ভরে ওঠে।

খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল বাসিত আজাদের সভাপতিত্বে এবং সিলেট মহানগর জামায়াতের নায়েবে আমির ড. নূরুল ইসলাম বাবুল, সেক্রেটারি মুহাম্মদ শাহজাহান আলী ও সিলেট জেলা জামায়াতের সেক্রেটারি জয়নাল আবেদীনের যৌথ পরিচালনায় সমাবেশে অন্যদের বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিসের নায়েবে আমির মাওলানা রেজাউল করিম জালালী, ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মাওলানা মোসাদ্দেক বিল্লাহ মাদানী, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির নায়েবে আমির মাওলানা আব্দুল মাজেদ আজহারি, বাংলাদেশ খেলাফত আন্দোলনের নায়েবে আমির মুজিবুর রহমান হামিদী, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির আমির অধ্যক্ষ মাওলানা সরওয়ার কামাল আজিজী, বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমির মাওলানা হাবীবুল্লাহ মিয়াজী, খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মুনতাসীর আলী, বাংলাদেশ খেলাফত আন্দোলনের শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক মাওলানা তৌহিদুজ্জামান, সিলেট জেলা জামায়াতের আমির ও সিলেট-১ আসনের এমপি পদপ্রার্থী মাওলানা হাবিবুর রহমান, সিলেট মহানগর জামায়াতের আমির মুহাম্মদ ফখরুল ইসলাম প্রমুখ।
























