এমপিদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর নির্দেশ
- আপডেট সময় : ০৩:৫৬:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
- / 8
মৌলভীবাজার-১ আসনের সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ মিঠু বলেছেন, বাংলাদেশকে সত্যিকার অর্থে ধর্মীয় সম্প্রীতির ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তুলেতে মসজিদ, ঈদগাহ, মন্দির, শ্মাশানঘাট, গীর্জাসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়নের জন্য প্রকল্প প্রস্তাব পাঠাতে এমপিদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে পৃথক দুইটি গ্রামীণ রাস্তার উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান গ্রামীণ জনসাধারণ ও কৃষকের উন্নয়নে নানামূখি পদক্ষেপ গ্রহণ করেছেন। ইতিমধ্যে এসব প্রকল্পের কার্যক্রম শুরু হয়েছে। সরকার গঠনের পর প্রথমেই কৃষকের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফের ব্যবস্থা নিয়েছেন।
বড়লেখা হাজীগঞ্জ বাজার (রেলওয়ে স্টেশন) তালিমপুর ইউপি অফিস রাস্তা এবং কাঠালতলী (আরএইচডি) আজিমগঞ্জ ভায়া তেরাকুঁড়ি রাস্তার উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষ্যে আয়োজিত সভায় আরও উপস্থিত ছিলেন বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুব আলম মাহবুব, থানার ওসি মো. মনিরুজ্জামান খান, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান খছরু, সাবেক সহসভাপতি আলাল উদ্দিন, জাহিদুল ইসলাম মামুন, পৌর বিএনপির সাবেক সভাপতি ও প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল ইসলাম, জুড়ী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান চুনু, পৌর বিএনপির সভাপতি সাইফুল ইসলাম খোকন, বড়লেখা এলজিইডির সাব-এসিস্টেন্ট ইঞ্জিনিয়ার মিয়া মোহাম্মদ মুরাদ প্রমুখ।
জনগুরুত্বপূর্ণ রাস্তা দুইটি নির্মাণে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের তথা সরকারে ব্যয় হবে প্রায় সাড়ে ৪ কোটি টাকা। বড়লেখা উপজেলা প্রকৌশলীর কার্যালয়ের তত্ত্বাবধানে নির্মাণ কাজের দায়িত্ব পেয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স জালাল আহমদ।























