কুলাউড়ায় যানজট নিরসনে এমপি’র কঠোর হুঁশিয়ারী
- আপডেট সময় : ০৬:৫৩:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
- / 18
মৌলভীবাজারের কুলাউড়া পৌর শহরের প্রধান সড়কে দীর্ঘদিনের যানজট, অবৈধ পার্কিং ও শৃঙ্খলা ফিরিয়ে সুন্দর শহর গড়তে প্রশাসন বদ্ধপরিকর। প্রশাসনের অভিযানে কোনো ধরনের বিশৃঙ্খলা তৈরি বা হস্তক্ষেপ করা হলে জড়িতদের ছাড় দেয়া হবেনা বলে কঠোর হুঁশিয়ারী দিয়েছেন মৌলভীবাজার-২ কুলাউড়া আসনের সংসদ সদস্য মো. শওকতুল ইসলাম।
মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসন আয়োজিত সিএনজি অটোরিকশা ও ব্যাটারি চালিত অটোরিকশা শ্রমিক নেতাদের নিয়ে আইনশৃঙ্খলা বিষয়ক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এমপি শওকতুল ইসলাম বলেন, গত ১৯ আগস্ট জনস্বার্থে কুলাউড়া শহরে যানজট নিরসনে সহকারী কমিশনার (ভূমি) প্রনয় বিশ্বাস মোবাইল কোর্ট পরিচালনা করেন। এসময় শ্রমিকরা তাঁর বিরুদ্ধে আপত্তিকর স্লোগান দিয়ে যে অনাকাঙ্খিত ঘটনা ঘটিয়েছে সেটার তীব্র নিন্দা জানাচ্ছি।
কুলাউড়া শহরকে সুন্দর ও যানজটমুক্ত করার স্বার্থে প্রশাসনের অভিযান অব্যাহত রাখার পরামর্শ দিয়ে এমপি শওকতুল ইসলাম আরও বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এসিল্যান্ড একত্রে অভিযান পরিচালনা করবেন। প্রয়োজন হলে মৌলভীবাজার থেকে অতিরিক্ত পুলিশ ফোর্স আনা হবে। সড়কে শৃঙ্খলা আনতে যা করা প্রয়োজন তা করা হবে। প্রশাসনের অভিযানে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করলে তার বিরুদ্ধে কঠোর আইনী ব্যবস্থা নেয়ার জন্য উপজেলা প্রশাসনকে নির্দেশ দেন। পরিবহন শ্রমিক ছাড়াও বিএনপির কোনো ব্যক্তি এ ধরনের বিশৃঙ্খলার সঙ্গে জড়িত থাকলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।
শ্রমিকদের উদ্দেশ্যে এমপি আরো বলেন, যে কোন কারণে শ্রমিকরা রাস্তা অবরোধ করবেন না, এটা করতে পারবেন না। এটা মনে রাখবেন রাষ্ট্রদ্রোহ মামলা হবে, রাষ্ট্রীয় কাজে বাধা দেয়া যাবেনা, সেই মামলায় এত সহজে জামিন পাবেন না। সিএনজি অটোরিকশা, ব্যাটারি চালিত অটোরিকশা, দোকান-মার্কেটের সামনে যততত্র দোকান পাঠ থাকার কারণে যানজট তৈরি হচ্ছে। আমি প্রশাসনকে নির্দেশ দিচ্ছি, আপনারা আরো শক্ত আইন প্রয়োগ করবেন। প্রয়োজনে জড়িতদের বিরুদ্ধে জেল ও জরিমানা করতে হবে।
সভায় আরো বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) প্রনয় বিশ্বাস, কুলাউড়া থানার পরিদর্শক (তদন্ত) হাবিবুর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, সাবেক আহবায়ক মো. রেদওয়ান খান, সাবেক যুগ্ম সম্পাদক মইনুল হক বকুল, ট্রাফিক পুলিশের এস আই দীপক দে, কাদিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মোক্তার, সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন (২৩৫৯) এর সভাপতি আলী হাসান জাহাঙ্গীর, জেলা সাংগঠনিক সম্পাদক সেলিম আহমদ, উপজেলা সহ-সভাপতি সুয়াবুর রহমান,সাংগঠনিক সম্পাদক রাহিম আহমদ মান্না, অটোরিকশা শ্রমিক ইউনিয়ন সভাপতি আব্দুর রহমান প্রমুখ। এদিকে সভায় গত ১৯ আগস্ট সহকারী কমিশনার (ভূমি) প্রনয় বিশ্বাস কর্তৃক যানজট নিরসনে ভ্রাম্যমান আদালত পরিচালনা করায় তাঁর বিরুদ্ধে অশালীন স্লোগান দেয়ায় ক্ষমা চেয়ে দুঃখ প্রকাশ করেন সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতারা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা আক্তার বলেন, যানজট নিরসনে পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতাসহ সংশ্লিষ্টদের নিয়ে কয়েক দফা আইনশৃঙ্খলা বিষয়ক সভা হয়। সভায় শহরের বিভিন্ন স্থানে দুটি করে অটোরিকশা দাঁড় করিয়ে যাত্রী ওঠানামার সিদ্ধান্ত হয়। এমপি স্যারের উপস্থিতিতে মঙ্গলবারের সভায়ও পূর্বের সিদ্ধান্ত বহাল থাকে এবং আগামী রবিবার থেকে ফের যানজট নিরসনে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হবে। যানজট নিরসনে শহরকে সুন্দর করতে শ্রমিকসহ সংশ্লিষ্ট সবাইকে প্রশাসনকে সহযোগিতা করার আহবান জানাচ্ছি।
























